Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঢাকুরিয়ায় প্রকাশ্যে দুঃসাহসিক ছিনতাই

ঢাকুরিয়ায় প্রকাশ্যে দুঃসাহসিক ছিনতাই
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুব সকাল বা অনেক রাত নয়। বিকেল ৪টের ঘটনা! দুঃসাহসিক ছিনতাইয়ের সাক্ষী থাকল শহর! শনিবার বিকেলে ঢাকুরিয়রি ঝিলপাড় রোডে তিন যুবক বাইকে এসে এক মহিলার পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগে তাঁর গলার সোনার চেইন ছিঁড়ে নিয়ে বাইকেই চম্পট দেয় তারা। ওই ঘটনার পর থেকে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় বিচলিত প্রত্যেক বাসিন্দা। লিখিত অভিযোগ পাওয়ার পর গরফা থানা তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিলপাড় এলাকার বাসিন্দা পিয়ালী দে রায় সম্প্রতি পুরী বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে স্থানীয় একজনের বাড়িতে পুরীর প্রসাদ দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন তিনি। পিয়ালীদেবীর দাবি, হঠাৎ একটি বাইক তাঁর সামনে এসে দাঁড়ায়।  তিনি ভয় পেয়ে যান। বাইকে তিন যুবক ছিল। হেলমেট ছিল কেবল চালকের মাথায়। বাইকের মাঝখানে বসা যুবক নেমে এসে তাঁর গলার সোনার চেইন ধরে হ্যাঁচকা মারে। তাতে হারের সবটা দুষ্কৃতীর হাতে যায়নি। ছিঁড়ে গিয়ে কিছুটা তখনও থেকে যায় পিয়ালীদেবীর গলায়। বিষয়টি টের পেয়ে দুষ্কৃতীরা আবার ফিরে এসে চেইনের বাকি অংশ নিয়ে পালায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়, ‘চিৎকার-চেঁচামেচি না করে সোজা ফ্ল্যাটে চলে যাও।’ ভয়ে তখন সামান্য প্রতিবাদও করতে পারেননি আক্রান্ত মহিলা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ