• এক সপ্তাহ আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তারপর তাঁর ভালো থাকার খবর জানিয়েছিলেন হেমামালিনী স্বয়ং। কিন্তু ফের তাঁর স্বাস্থ্যের অবনতি। সূত্রের খবর, সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন হাসপাতালে গিয়েছিলেন স্ত্রী হেমা মালিনী। সন্ধ্যায় পুত্র সানি দেওলের টিমের তরফে নিশ্চিত করা হয়েছে, ধর্মেন্দ্রর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছর বয়স হবে তাঁর। চলতি বছর এপ্রিলে ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরেও গিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে পরবর্তী ছবি ‘ইক্কিস’-এ কাজ করেছেন ধর্মেন্দ্র। সব ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।



