সংবাদদাতা, বোলপুর : পুজো মানেই ঢাকের বাদ্যি। সেই ঢাকের তালে দেবীর বোধন থেকে বিসর্জন উৎসবের প্রতি মুহূর্ত যেন পূর্ণতা পায়। তাই এখন থেকেই ব্যস্ত বোলপুরের ঢাকিরা। কোথাও চলছে ঢাকের ঝাড়পোছ। কোথাও চলছে খোল রোদে শুকনোর পর্ব। আবার ফাঁকা মাঠে বসছে নিয়মিত রেওয়াজ। কারণ আর কয়েকদিন পরেই যে তাঁদের কাঁধে সুসজ্জিত ঢাক নিয়ে পাড়ি জমাতে হবে দূর শহরে। বোলপুর সংলগ্ন সিয়ান-সুখবাজার এলাকায় রয়েছেন প্রায় ৫০ জন ঢাকি। পুজো এলেই তাঁদের একটা বড়ো অংশ দিল্লি চলে যান। করোলবাগ, কালীবাড়ি ও সংলগ্ন ডিএলএফ অঙ্কুর বিহার সহ বিভিন্ন এলাকার পুজোয় তাঁদের বায়না হয়। মাসখানেক আগে থেকেই উদ্যোক্তারা যোগাযোগ শুরু করেন। থাকা, খাওয়াদাওয়া এবং যাতায়াতের খরচ বহন করে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলি। তার বাইরে একজন ঢাকি পান প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা পারিশ্রমিক। ধুনুচির নাচের সময় বিশেষ কায়দায় ঢাক বাজাতে পারলে মেলে বাড়তি বকশিশও। পুজোর শেষে থাকে উপহার। শাড়ি, গামছা, ধুতি-পাঞ্জাবি থেকে জামাকাপড় সবই পান অনেক ঢাকি।



