দামোহ (মধ্যপ্রদেশ): বিহারের বারাউনি স্টেশনে ট্রেন ও কামরার মাঝে চিঁড়েচ্যাপ্টা হয়ে প্রাণ হারাতে হয়েছিল এক রেলকর্মীকে। এই মর্মান্তিক ঘটনার দু’দিনের মধ্যেই ফের অঘটন। এবার দুর্ঘটনাস্থল মধ্যপ্রদেশের দামোহ। রেললাইন থেকে মৃতদেহ সরানোর সময় ট্রেনের ধাক্কায় হাত খোয়া গেল পুলিসের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর (এএসআই)-এর। আহত পুলিসের গাড়ির চালকও। দুজনই হাসপাতালে চিকিত্সাধীন।
Advertisement
কারাইয়া ভাদোলি স্টেশনে ট্রেন থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়। সেই খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন দামোহ জেলার বন্দুকপুর পুলিস পোস্টের এএসআই রাজেন্দ্র মিশ্র। পুলিস সুপার শ্রুতকীর্তি সোমবংশী জানান, রেললাইনে দাঁড়িয়ে রাজেন্দ্র মৃতদেহ দুটি সরানোর কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি ট্রেন ওই লাইনে চলে আসে। ঘটনার আকস্মিকতায় রাজেন্দ্র সরে যেতে পারেননি। ট্রেনের ধাক্কায় তাঁর ডান হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। রাজেন্দ্রর সঙ্গেই সেখানে ছিলেন গাড়ির চালক ইয়াওয়ার খান। ট্রেনের ধাক্কায় তিনিও গুরুতর আহত হন। পুলিস সুপার জানিয়েছেন, রাজেন্দ্র ও ইয়াওয়ারকে সঙ্গে সঙ্গে জব্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিত্সা পরিষেবার জন্য দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্যত্রও নিয়ে যাওয়া হতে পারে।



