নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের চুরির ঘটনা ঘটল দেগঙ্গায়। এই ঘটনায় বাইকে করে আসা দুষ্কৃতীদের চোর সন্দেহ তাড়াও করলেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘন কুয়াশায় বাইকের আলো বন্ধ করে গা ঢাকা দেয় অপরাধীদের দল। ঘটনাটি দেগঙ্গার পূর্ব চ্যাংদানার। রবিবার রাতে এলাকাবাসী আজিজুল হকের বাড়ির দরজা ভেঙে ২০ হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। এরপর পড়শি আমিনুলের ইসলামের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। তখন ওই পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে বাইরে থাকা একটি মোবাইল নিয়ে পালায় তারা।
Advertisement
এরপর ফোনে চুরির বিষয়টি চারদিকে জানাজানি হয়। তখন এলাকার মানুষ বাড়ির বাইরে এলে অপরাধীরা বাইকের আলো বন্ধ করে দ্রুতগতিতে পালায়। তবে যাওয়ার সময়ে তারা হুমকিও দিয়ে গিয়েছে বলে দাবি করেছেন এলাকার মানুষ। এদিকে, এই এলাকারই পাশের পাড়ায় এক সিআরপিএফ জওয়ানের বাড়িতে রবিবার রাতেই চুরি হয়। প্রতিটি চুরির তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিস।



