Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনা-রুপোর গয়নায় সজ্জিত মা, বড় তারামায়ের পুজোয় উপচে পড়ল ভক্তের ঢল

মদনমোহন মন্দির ক্যাম্পাসে কাঠামিয়া মন্দির। সেখানেই সোমবার অমাবস্যার রাতে হল বড় তারামায়ের পুজো। এদিনই প্রতিমা বানানোর কাজ শেষ হয়।

সোনা-রুপোর গয়নায় সজ্জিত মা, বড় তারামায়ের পুজোয় উপচে পড়ল ভক্তের ঢল
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মদনমোহন মন্দির ক্যাম্পাসে কাঠামিয়া মন্দির। সেখানেই সোমবার অমাবস্যার রাতে হল বড় তারামায়ের পুজো। এদিনই প্রতিমা বানানোর কাজ শেষ হয়। বিকেলে মাকে সোনা ও রুপোর মুণ্ডমালা সহ বিভিন্ন স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হয়। পূর্ণসাজে সজ্জিত বড় তারামায়ের পুজো শুরু হয় রাত সাড়ে ৮টায়। তারপর হয় যজ্ঞ। গভীর রাতে পঞ্চবলির মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হয়। বড়দেবীর মতোই বড় তারামায়ের পুজোর সঙ্গেও কোচবিহার জেলাবাসীর ভাবাবেগ জড়িয়ে আছে। তাই রাতে এই পুজোয় শামিল হন শতশত ভক্ত। অন্যদিকে, দেবত্তোর ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা বেনারসের মন্দিরেও দয়াময়ী ও করুণাময়ী মায়ের পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয়েছে বলে ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, রাতে কাঠামিয়া মন্দিরে বড় তারামায়ের পুজো হয়েছে। রাজ আমলের প্রথা মেনে পঞ্চবলি সহকারে মায়ের পুজো করা হয়। বেনারসেও সুষ্ঠুভাবে মায়ের পুজো সম্পন্ন হয়েছে। 
দেবত্তোর ট্রাস্ট বোর্ডের সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কড়া পুলিশি প্রহরায় মন্দিরের স্ট্রং রুম থেকে বের করা হয় মায়ের অলঙ্কার। এরপর সোনা ও রুপোর ১০৮টি মুণ্ডমালা, সোনার চাপকলি হার, সোনার কাঠিমালা, নাকে সোনার নথ, মাথায় সোনা ও রুপোর ওরচাঁদ সহ নানা ধরনের গয়নায় মাকে সাজিয়ে তোলা হয়। রাজ আমলের এসব গয়না পরিয়ে মাকে পুজোর জন্য পূর্ণ রূপে সাজিয়ে তোলা হয়। বড় তারামায়ের বাঁ হাতে খড়্গ। মা এখানে ব্যাঘ্র চর্ম পরিহিতা। 
সন্ধ্যা নামতেই মন্দিরে ভক্তদের ভিড় বাড়তে শুরু করে। প্রচুর পুণ্যার্থী কাঠামিয়া মন্দিরের সামনে প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি জ্বালান। এরপর পুজো শুরু হলে অনেকেই পুজোয় অংশ নেন। রাত সাড়ে ১১টা নাগাদ বলি সম্পন্ন হয়। পাঁঠা, ভেড়া, হাঁস, মাগুর মাছ, পায়রা বলি দেওয়া হয়। শোল মাছ পুড়িয়ে তা ভোগের সঙ্গে মিশিয়ে মাকে উৎসর্গ করা হয়েছে। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ পুজোর সমাপ্তি হয়।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ