Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জে বিএসএফের ক্যাম্পে বিধ্বংসী আগুন, জওয়ানের মৃত্যু

বিএসএফ ক্যাম্পে আগুন লেগে মৃত্যু হল জওয়ানের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাঁকড়া ৭৭ নম্বর ব্যাটালিয়নে

হিঙ্গলগঞ্জে বিএসএফের ক্যাম্পে  বিধ্বংসী আগুন, জওয়ানের মৃত্যু
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: বিএসএফ ক্যাম্পে আগুন লেগে মৃত্যু হল জওয়ানের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাঁকড়া ৭৭ নম্বর ব্যাটালিয়নে। জখম অবস্থায় এক বিএসএফ জওয়ানকে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং। তিনি এএসআই পদে কর্মরত ছিলেন। ১৯৯০ সাল থেকে বিএসএফে কর্মরত ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে বিএসএফ ও দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে এই বিপত্তি।

Advertisement

৭৭ নম্বর ব্যাটালিয়নের আউট পোস্ট (বিওপি) ইছামতী নদী তীরবর্তী। ফলে রাতে নজরদারিতে ব্যবহার করা হয় স্পিডবোট। এদিন সকালে জ্বালানি মজুত রাখার ঘর থেকে স্পিডবোটের তেল ভরতে গিয়েছিলেন জওয়ানরা। হঠাৎই সেখানে আগুন লেগে যায়। জ্যোতিরাম বেরিয়ে আসার সুযোগ পাননি। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও কিছু করতে পারেননি। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তে আগুন বিধ্বংসী আকার ধারণ করে। ক্যাম্পে উপস্থিত জওয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করা হলেও, ততক্ষণে আগুনে গুরুতরভাবে দগ্ধ হন বিএসএফ জওয়ান। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিশেষ করে, সংবেদনশীল বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা শিবিরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। 
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং বিএসএফ কর্তৃপক্ষ। আগুনের মূল কারণ শর্ট সার্কিট, নাকি অন্য কোনো গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী সুবল মণ্ডল ও অবনীকৃষ্ণ হালদার বলেন, বিকট শব্দ শুনে আমরা দেখি দাউ দাউ করে জ্বলছে বিএসএফের পাম্প। তেল ভরার সময় এই ঘটনা ঘটে। এক জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও এনিয়ে বিএসএফের তরফে প্রতিক্রিয়া জানানো হয়নি।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ