Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ প্রতিপদে কিছু বাড়িতে ভাইফোঁটা, আকাশছোঁয়া দাম সত্ত্বেও চাহিদা বিদেশি ফলের

আজ, মঙ্গলবার প্রতিপদ। মালদহের অনেক বাড়িতে পারিবারিক রীতি মেনে পালিত হবে ভাইফোঁটা। আবার সোমবার কালীপুজো উপলক্ষ্যে বেশিরভাগ মাছ, মাংসের দোকানই ছিল বন্ধ।

আজ প্রতিপদে কিছু বাড়িতে ভাইফোঁটা, আকাশছোঁয়া দাম সত্ত্বেও চাহিদা বিদেশি ফলের
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: আজ, মঙ্গলবার প্রতিপদ। মালদহের অনেক বাড়িতে পারিবারিক রীতি মেনে পালিত হবে ভাইফোঁটা। আবার সোমবার কালীপুজো উপলক্ষ্যে বেশিরভাগ মাছ, মাংসের দোকানই ছিল বন্ধ। কালীপুজোয় মালদহের অধিকাংশ পরিবারে নিরামিষ খাবার গ্রহণ করাই নিয়ম। তাই প্রতিপদে যাঁরা ভাইফোঁটা পালন করেন, তাঁদের পক্ষে মাছ, মাংস জোগাড় করাই কঠিন। তাই অনেকেই এদিন ভাইদের হাতে তুলে দেবেন বিভিন্ন বিদেশি ফলের সম্ভার। কালীপুজোর দিন তাই মালদহের বিভিন্ন পুরবাজারে দেখা মিলেছে নানা রকম বিদেশি ফলের। তবে, ওই ফল কিনতে পকেট থেকে খরচ করতে হচ্ছে মোটা টাকা।

Advertisement

বাজারে এসেছে হালকা টক স্বাদের গ্রিন আপেল। এই ফলটি মূলত বিদেশ থেকে আমদানি হয়ে থাকে বলে জানালেন বিক্রেতারা। দাম ৩৫০ টাকা প্রতি কেজি। এক কেজিতে মিলছে বড় জোর ছয় থেকে সাতটি গ্রিন আপেল। অর্থাৎ, একেকটি বিদেশি আপেলের দাম পড়ছে ৫০ টাকারও বেশি।
শুধু গ্রিন আপেলই নয়। বিদেশ থেকে মালদহের বাজারে এসে পৌঁছেছে রঙবেরঙের আঙুরও। মেরুন রঙের আঙুরের দর ছিল ৩৫০ টাকা প্রতি কেজি। কচি কলাপাতা রঙের আঙুর বিকিয়েছে ৬৫০ টাকা প্রতি কেজিতে। বিদেশি নাসপাতিরও দেখা মিলেছে মালদহ শহরের বিভিন্ন পুরবাজারে। দাম প্রায় ৪০০ টাকা প্রতি কেজি।
মকদুমপুর পুর বাজারের এক ফল বিক্রেতা বলেন, এই সময় বিভিন্ন বিদেশি ফল বাজারে আসতে শুরু করেছে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইরান সহ বিভিন্ন দেশের ফল এখন পাওয়া যাচ্ছে। তবে, দাম বেশ চড়া হলেও চাহিদা রয়েছে। তাই পর্যাপ্ত এই ফল বিক্রির জন্য রাখছি।
ইংলিশবাজারের তালতলা এলাকার বাসিন্দা পুজাশ্রী সোম বলেন, আমাদের কার্তিক মাসের অমাবস্যার পরের প্রতিপদে ভাইফোঁটার রীতি রয়েছে। তবে এখন বাজারে মাছ, মাংস তেমন পাইনি। তাই বেশকিছু বিদেশি ফল কিনে ভাইকে উপহার দেব। রংবেরঙের ফল মিললেও দাম খুব বেশি। তবে, খেতে অত্যন্ত সুস্বাদু। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ