নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাঁকরাইল ব্লকের দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতে গড়ে উঠেছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। কিন্তু ওই কেন্দ্র তৈরি হলেও যাতায়াতের রাস্তা না থাকায় তা চালু করা যাচ্ছে না।হাওড়া শহর সংলগ্ন সাঁকরাইল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘনবসতিপূর্ণ। ফলে জনবসতি থেকে কিছুটা দূরে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলার মতো ফাঁকা জমি পাওয়াই ছিল কঠিন ব্যাপার। অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের উদ্যোগে কামদেবপুর জলার মাঠে একটি সরকারি জমিতে ওই কেন্দ্রটি নির্মাণ করা হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গ্রামের শেষ বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে ওই কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
কিন্তু কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হলে কী হবে, সেখানে যাতায়াতের কোনও পথ নেই। গ্রামের শেষ বাড়ি পর্যন্ত পাকা রাস্তা থাকলেও তারপর পুরোটাই এবড়োখেবড়ো মেঠোপথ। এই অংশে কোনও পাকা রাস্তা না থাকায় ব্যাটারি চালিত আবর্জনার গাড়ি নিয়ে যাওয়াই চিন্তার। উঁচু-নীচু জমির উপর দিয়ে সেগুলি চলাচল করলে অচিরেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কেন্দ্র পর্যন্ত বর্জ্য নিয়ে যাওয়া যাচ্ছে না। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে প্রায় ১০০ মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে পুরো রাস্তা সম্পূর্ণ না হলে কেন্দ্রটি চালু করা যাবে না। পাশাপাশি এখনও পর্যন্ত সেখানে বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির দাবি, রাস্তার কাজ শেষ হলেই পরিকাঠামোর বাকি কাজ দ্রুত সম্পূর্ণ করা হবে। এ প্রসঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালি দাস বলেন, ‘প্রথম ধাপে প্রায় ১০০ মিটার রাস্তার কাজ করা হচ্ছে। বাকি অংশের জন্য টাকার ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু করা হবে।’-নিজস্ব চিত্র