Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের আগের প্রেমেই মরিয়া, যুবক খুনে ধৃত স্ত্রীর প্রেমিক

বিয়ের আগের  প্রেমেই মরিয়া, যুবক খুনে ধৃত স্ত্রীর প্রেমিক
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরকীয়া তত্ত্বেই পড়ল সিলমোহর। বানতলার নলবনে যুবক খুনের ঘটনায় স্ত্রীর প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সন্ন্যাসী দলুই (৩৮)। শনিবার গভীর রাতে তাকে পাকড়াও করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিস। রাজা মণ্ডলের (৩৬) সঙ্গে বিয়ের পরও তাঁর স্ত্রী মুম্বি মণ্ডলের পুরনো প্রেমিকের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক নিয়ে রাজার সঙ্গে বচসা বাধে সন্ন্যাসীর। তার জেরে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয় রেস্তরাঁ কর্মী রাজাকে। অভিযুক্তকে রবিবার আদালতে পেশ করা হয়। তার ১২ দিনের পুলিস হেফাজত হয়েছে। 

Advertisement

শনিবার সাতসকালে নলবন-১ এর কাঁটাতলায় রাস্তার ধারের ফাঁকা জমি থেকে রাজা মণ্ডল ওরফে বাবাইয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছে দেহ হাসপাতালে পাঠায় কেএলসি থানার পুলিস। স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মৃতের মোবাইলের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখে পুলিস। দেখা যায়, শুক্রবার রাতে শেষবার সন্ন্যাসী রাজাকে ফোন করে। সন্ন্যাসীর মোবাইল লোকেশন বলছে, সেই রাতে রাজার সঙ্গে দেখা হয়েছিল অভিযুক্তের। সেই সন্দেহের বশেই সন্ন্যাসীকে আটক করেন তদন্তকারীরা। পুলিস জানিয়েছে, কেএলসি থানা এলাকার তাড়দহ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অভিযুক্ত। সেখান থেকেই অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা। 
লালবাজার জানিয়েছে, রাতভর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরবর্তীতে গোটা বিষয়টি খোলসা করে অভিযুক্ত। পুলিসকে ধৃত জানিয়েছে, ৩ বছর আগে মুম্বির সঙ্গে বিয়ে হয় রাজার। তার আগে মুম্বির সঙ্গে সম্পর্ক ছিল সন্ন্যাসীর। একই এলাকার বাসিন্দা হওয়ায় ছোটবেলা থেকেই তাদের পরিচয়, পরে প্রেম। ২০২১ সালে তাদের সম্পর্কে অবনতি হয়। প্রেমের সম্পর্ক ছিন্ন করে রাজাকে বিয়ে করে মুম্বি। তাদের এক পুত্রসন্তান আছে। এরপরে ফের মুম্বির সঙ্গে যোগাযোগ বাড়ে অভিযুক্তের। রাজা কাজে চলে যাওয়ার পর মাঝেমধ্যে বাড়িতে যাওয়া-আসা করতে থাকে সন্ন্যাসী। বিষয়টি জানতে পেরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। 
পুলিস জানিয়েছে, রাজা-সন্ন্যাসীর মধ্যে আগেও বিবাদ হয়েছে। সম্প্রতি বিবাহ সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে যেতে চাইছিল মুম্বি। তাই ছেলেকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। এই নিয়ে সপ্তাহখানেক আগেও সন্ন্যাসীর সঙ্গে বচসায় জড়ায় রাজা। পুলিসকে ধৃত জানিয়েছে, এই বচসা থেকে পাকাপাকি মুক্তির জন্য রাজাকে খুনের প্ল্যান করে সে। তাই শুক্রবার রাতে রাজার কর্মস্থলের কাছে ডাকে সন্ন্যাসী। সেখানেই সব মিটমাট করার নাম করে রাজাকে মাদক খাওয়ায় সে। এরপরে আচ্ছন্ন হয়ে গেলে কাটারির সাহায্যে তাঁর গলা কাটে অভিযুক্ত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ