মুম্বই: অবিলম্বে ই ২০ পেট্রলের ব্যবহার বন্ধ করা হোক। শনিবার এমনই দাবি তুললেন একদল গবেষক, শিক্ষাবিদ ও সমাজকর্মী। তাঁদের মতে, জ্বালানির বিকল্প ব্যবস্থা শুরুর ক্ষেত্রে যথাযথ পরিবেশ, পরিকাঠামোগত পর্যালোচনা করা হয়নি। তাছাড়া, দীর্ঘদিন ধরে এভাবে জৈব-জ্বালানি তৈরি হলে তা খাদ্য সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। ভূ-গর্ভস্থ জলের ভাণ্ডারও কমিয়ে দেবে। তাই ইথানল মিশ্রিত পেট্রল ই ২০ জ্বালানি নীতি সরকার প্রত্যাহার করুক। শনিবার মুম্বইতে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স শীর্ষক কর্মসূচির মধ্যে কেন্দ্রের কাছে এই আর্জি জানানো হয়েছে। তাতে সই করেছে দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও সমাজকর্মীরা। তালিকায় নাম রয়েছে পদ্মভূষণে সম্মানিত অধ্যাপক এম এস রঘুনাথন, অধ্যাপক তথা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সভাপতি এস জি দানি, অধ্যাপক অঙ্কিত সুলে, অধ্যাপক বি এম আরোরার মতো ব্যক্তিত্বদের। এদিন ই ২০ জ্বালানি নীতি প্রত্যাহারে পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল, দেশজুড়ে কালাজাদুর বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে বিজ্ঞানসম্মত তথ্যের ভিত্তিতে সরকারি নীতি তৈরির আর্জিও জানানো হয়েছে খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষাবিদ, সমাজকর্মীদের কালেকটিভের তরফে।



