সংবাদদাতা, আলিপুরদুয়ার: জলদাপাড়ায় হাতি ও জিপসি সাফারির জন্য অনলাইন বুকিং ব্যবস্থা চালুর দাবিতে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের লাগাতার আন্দোলন চলছে। গত সোমবার পর্যটন ব্যবসায়ীরা এই দাবিতে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজ, শুক্রবার এই দাবিতে পর্যটন ব্যবসায়ীরা ডিএফওকে স্মারকলিপি দেবেন।
পর্যটন ব্যবসায়ীরা জলদাপাড়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে এই স্মারকলিপি দেবে ডিএফওকে। সংগঠনের সদস্য সঞ্জয় দাস বলেন, জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সহায়কের মাধ্যমে এদিন ডিএফওকে স্মারকলিপি দেওয়া হবে। বাইরের রাজ্য ও বিদেশি পর্যটকদের স্বার্থে জলদাপাড়ায় হাতি ও কার সাফারির জন্য অনলাইন বুকিং ব্যবস্থা চালু করতেই হবে। তা না হলে জলদাপাড়ায় পর্যটকদের সংখ্যা কমতেই থাকবে।
উল্লেখ্য, গত বছর ২৭ ডিসেম্বর থেকে জলদাপাড়ায় কার ও হাতি সাফারির অনলাইন বুকিংয়ের সুবিধা তুলে দেওয়া হয়েছে। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, এই সুবিধা উঠে যাওয়ায় পর্যটকদের আনাগোনা কমছে। অফলাইনে টিকিট কাটার জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন পড়ছে। এর ফলে হয়রানি বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার কারণে বাইরের পর্যটকদের জঙ্গলে বেড়ানোর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।
সাফারির টিকিট নিয়ে এই অনিশ্চয়তার কারণেই জলদাপাড়ায় বাইরের পর্যটকদের সংখ্যা কমে গিয়েছে বলে পর্যটন ব্যবসায়ীদের দাবি। তাই পর্যটকদের এই অনিশ্চয়তা কাটাতেই আগের মতো অনলাইন বুকিং প্রথা ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, এটা উপর মহলের সিদ্ধান্ত। যেভাবে নির্দেশ দেওয়া হবে সেভাবেই কাজ হবে। পর্যটন ব্যবসায়ীরা স্মারকলিপি দিতেই পারেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।