নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হল ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি। বুধবার দুপুরে অনলাইনের উইন্ডো খোলা মাত্রই শেষ সর্বনিম্ন ৯৯৯ টাকা দামের টিকিট। শুধু তাই নয়, বাকি অংশের টিকিট বিক্রির হারও বেশ ভালো। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে খালিদ জামিলের ছেলেরা। ইতিমধ্যেই ২৬ জনের স্কোয়াড বেছে নিয়েছেন ভারতীয় কোচ। ব্রাজিল ছাড়াও ফিফা উইন্ডোতে আরও দু’টি প্রীতি ম্যাচ খেলবেন মনবীর-আনোয়াররা। ২৬ সেপ্টেম্বর পানামা ও ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবেন তাঁরা। তবে ফুটবল অনুরাগীদের যাবতীয় আগ্রহ ব্রাজিল ম্যাচ ঘিরে। ম্যাচের টিকিটের সর্বনিন্ম দাম ধার্য হয়েছে ৯৯৯ টাকা। তবে এই টিকিটে (গোলপোস্টের পিছনে লোয়ার টিয়ার) খুব ভালো করে খেলা দেখা যাবে না। আর টিকিটের সর্বাধিক মূল্য ১৫ হাজার (ভিআইপি)। এছাড়া ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০ ও ৯০০০ টাকা দামের টিকিট বিক্রি করা হচ্ছে। যুবভারতীতে বর্তমানে দর্শকাশন ৬৭ হাজার। তার ৭০ শতাংশ টিকিট বিক্রি করার পরিকল্পনা রয়েছে।



