সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মাসে একদিন বসেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান (পিএমএসএমএ) প্রকল্পের মাধ্যমে প্রতি মাসের ৯ তারিখ একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বাস্থ্যকেন্দ্রে বসেন। ওইদিন এলাকার মহিলারা শিবিরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। যেহেতু মাসে একদিনই এই পরিষেবা পাওয়া যায় তাই স্বাভাবিকভাবেই খুব বেশি ভিড় হয়। এতে অর্ধেক দিন অপেক্ষা করতে হয় এক একজনকে। এতে গর্ভবতীদের বেশি কষ্ট হয়। সমস্যার সমাধানে স্বাস্থ্যকেন্দ্রটিতে অন্তত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবিতে সরব হয়েছে বাসিন্দারা।
বাসিন্দারা বলেন, রামগঞ্জ হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। বিশেষজ্ঞকে দেখানোর জন্য গোটা একটি মাস অপেক্ষা করতে হয়। জটিল কিছু হলে ২০ কিমি দূরে ইসলামপুরে ছুটতে হয়। রামগঞ্জ-১ ও ২ পঞ্চায়েত, সুজালি, গোবিন্দপুর সহ চোপড়ার একাংশের হাজার হাজার বাসিন্দা এই হাসপাতালের উপর নির্ভরশীল।
রামগঞ্জের এক মহিলা সুমিতা বসাক বলেন, মাসে একদিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আসেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সপ্তাহে একদিন বিশেষজ্ঞ বসলে ভিড় হম হতো। আমাদের দাবি মাসে নয়, সপ্তাহে একদিন বিশেষজ্ঞ চিকিৎসক বসুন। রামগঞ্জ-১ পঞ্চায়েত প্রধান ঝর্না রায় বলেন, আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এনিয়ে কথা বলব যাতে মাসে অন্তত দু’দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বসেন। এমন হলে মহিলারা উপকৃত হবেন।
ইসলামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক হিমজিৎ ঘোষ বলেন, পিএমএসএমএ স্কিমের মাধ্যমে প্রতি মাসের ৯ তারিখে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রামগঞ্জ ব্লক হাসপাতালে বসেন। ৯ তারিখ ছুটি থাকলে ১০ তারিখে সেই শিবির হয়। উচ্চ ঝুকিপূর্ণ গর্ভবতী মহিলাদের সনাক্তকরণ ও যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্যই মূলত এই শিবির হয়। শিবিরে বেশি ভিড় হয়। তাই একই দিনে পিএমএসএমএ স্কিমের শিবিরের পাশাপাশি আরও একটি শিবির করা হচ্ছে। যেখানে তিন মাস কিংবা তার কম সময়ের গর্ভবতীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে মায়েদের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না এবং বিশেষজ্ঞও সময় দিয়ে পরীক্ষা নিরিক্ষা করতে পারছেন।
বিপিএইচসিতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিযোগের দাবি প্রসঙ্গে বিএমওএইচ বলেন, বিপিএইচসিতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিযোগ হয় না। এখানে সিজার করা হয় না। সাধারণ এমবিবিএস চিকিৎসকরাই গর্ভবতীদের চিকিৎসা করেন। সপ্তাহে একদিন বিশেষজ্ঞর দাবি প্রসঙ্গে তিনি বলেন, স্কিমের নিয়ম অনুসারে মাসে একদিনই ক্যাম্প হয়।