ফের আলোচনায় ডিলিমিটেশন বিল, এমাসে সংসদের বিশেষ অধিবেশনের সম্ভাবনা
  • ১৬ অক্টোবর, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ অক্টোবর: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের আন্দোলনে উত্তাল দেশ। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা কেন্দ্রের। অনেকের মতে, ১২ বছরের মোদি সরকারকে এর আগে কখনও এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। এমন পরিস্থিতিতে ফের আলোচনায় ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ প্রসঙ্গ। খবরে প্রকাশ, এই দুই বিল পাশের জন্য চলতি অক্টোবর মাসের শেষের দিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। লোকসভায় বিল পাশ করানোর মতো প্রয়োজনীয় সংখ্যা কেন্দ্রের আছে বলে দাবি সরকারি সূত্রের। যদিও নিন্দুকদের প্রশ্ন, এসআইআর ইস্যু থেকে নজর ঘোরাতে কি ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলকে ঢাল করতে চাইছে সরকার?  

Advertisement

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করে মহিলা সংরক্ষণ আইন (নারী শক্তি বন্দন অধিনিয়ম) কার্যকর করতে চায় মোদি সরকার। সংবিধান সংশোধন ছাড়া যা সম্ভব নয়। আবার সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন ‘স্পেশাল মেজরিটি’। সংসদের গত বাজেট অধিবেশনে ১৩১তম সংবিধান সংশোধন বিল নিয়ে মুখ পুড়েছিল সরকারের। তবে এবার বিল পাশের মতো ‘স্পেশাল মেজরিটি’ সরকারের আছে বলে দাবি।
স্পেশাল মেজরিটি হল, সভার মোট আসন সংখ্যার মধ্যে গরিষ্ঠতা। সঙ্গে বিল পাশের সময় সভায় উপস্থিত সদস্য সংখ্যার ভোটদানে কমপক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন। যদি সেদিন সভায় সব সাংসদ হাজির থাকেন, তাহলে অঙ্কটি লোকসভার ক্ষেত্রে দাঁড়াবে ৩৬০। আর রাজ্যসভায় ১৬৪। এই সংখ্যাই নেই সরকারের। লোকসভায় এনডিএর শক্তি ৩২৪। এর সঙ্গে বিদ্রোহী তৃণমূলের (এনসিপিআই) ২০ জন উদ্ধবপন্থী শিবসেনার ছ’জন সাংসদ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।  তবুও অবশ্য সংখ্যা কম পড়েছে। যদিও সূত্রের খবর, বিল সমর্থনের জন্য ডিএমকের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। এছাড়া ছোট দলগুলির সঙ্গেও আলোচনা চালানো হচ্ছে।