মহিলা সাংবাদিককে আইনি রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পুলিশ আধিকারিককে কটূক্তি মামলায় সাময়িক স্বস্তি মহিলা সাংবাদিকের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখনই ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য, বিক্ষোভের খবর কভার করতে গিয়ে ১০ অক্টোবর দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন এক মহিলা সাংবাদিক। এর পাল্টা হিসাবে বিবেকও ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে জাতপাত তুলে কটূক্তির অভিযোগ করেন। এই নিয়ে একটি এফআইআর দায়ের হয়েছে। দ্য নেটওয়ার্ক অব উইমেন ইন মিডিয়া, ইন্ডিয়ার (এনডব্লুএমআই) হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, কাজ করতে গিয়ে এভাবে হেনস্তা মেনে নেওয়া যায় না। উত্তরে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, সাংবাদিকদের চিহ্নিত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তাঁর কথায়, ‘আমরা জানি না, কে রিল প্রস্তুত করেন, আর কে ফ্রিল্যান্স সাংবাদিক। তবে কোনো মহিলাকে হেনস্তা করা যায় না।’ তাঁর মতে, ঘটনাস্থলে কাজ করতে গিয়ে মহিলা পুলিশ আধিকারিকরাও অভব্যতার স্বীকার হয়েছেন। দুই পক্ষের মতামত শোনার পরে আদালত ওই মহিলা সাংবাদিককে আইনি রক্ষাকবচ দিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। 

Advertisement