Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

৫ জুনের মধ্যে দিল্লির জিমখানা ক্লাবকে জমি ছাড়তে হবে, নির্দেশ জারি কেন্দ্রের

ডেডলাইন ৫ জুন। এর মধ্যেই দিল্লির লুটিয়ানসের জিমখানা ক্লাবকে কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দিতে হবে। এই মর্মে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ভূমি ও ভূমি উন্নয়ন দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

৫ জুনের মধ্যে দিল্লির জিমখানা ক্লাবকে জমি ছাড়তে হবে, নির্দেশ জারি কেন্দ্রের
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডেডলাইন ৫ জুন। এর মধ্যেই দিল্লির লুটিয়ানসের জিমখানা ক্লাবকে কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দিতে হবে। এই মর্মে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ভূমি ও ভূমি উন্নয়ন দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে, প্রতিরক্ষা পরিকাঠামো শক্তিশালী ও সুরক্ষিত করতে মোট ২৭.৩ একর জমি ফেরত চাওয়া হয়েছে। রাজধানীর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশেই রয়েছে ব্রিটিশ জমানায় তৈরি সুবিশাল এই ক্লাবটি। তাই কৌশলগত কারণেও ওই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ক্লাবের সদস্যরা। 

Advertisement

২২ মে শুক্রবার ক্লাবের সম্পাদককে পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিরক্ষা পরিকাঠামো সুরক্ষিত করা ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য এই জমির প্রয়োজন রয়েছে। এই নির্দেশের বিরোধিতা করে সিদ্ধার্থ নামে ক্লাবের এক সদস্যের বক্তব্য, ‘সংশ্লিষ্ট নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাবে ক্লাব কর্তৃপক্ষ। এই এলাকার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় জড়িত নেই। ক্লাবটি অনেক পুরানো। একটা আলাদা ঐতিহ্য রয়েছে। সদস্য সংখ্যাও অনেক। নির্দেশটি অবিলম্বে পুনর্বিবেচনা করা হোক। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
ব্রিটিশ আমলে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় ক্লাবটি। তখন নাম ছিল ইম্পেরিয়াল দিল্লি জিমখানা ক্লাব। দেশ স্বাধীন হওয়ার পর নাম বদলে হয় দিল্লি জিমখানা ক্লাব। বর্তমান কাঠামোটি ১৯৩০ সালের আশপাশে নির্মিত হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ