Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডল ফেরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

দিল্লি হাইকোর্ট সিজেপির এক্স হ্যান্ডল ফেরত দিল। অভিজিৎ দীপকের জয় বাকস্বাধীনতার। বিস্তারিত জানুন।

ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডল ফেরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক্স হ্যান্ডল ফেরানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। গত মে মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে  সিজেপির অ্যাকাউন্টটি ব্লক করবার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। মঙ্গলবার দীপকের সেই আবেদন মঞ্জুর করল বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার বেঞ্চ। 

Advertisement

আদালতে কেন্দ্রের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, ২১ জুন রি-নিটের আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়িয়ে পড়ে তাই অ্যাকাউন্টটিকে ব্লক করা হয়েছিল। বিচারপতি শর্মা বলেন, ‘ইতিমধ্যেই নিট হয়ে গিয়েছে। তাই প্রাথমিক কারনটির আর প্রাসঙ্গিকতা নেই। এই পরিস্থিতিতে নির্দেশ প্রত্যাহার করা হলো। অ্যাকাউন্ট ফেরানোর আরজি মঞ্জুর করা হল।’  নিটের প্রশ্নপত্র ফাঁস, বেহাল শিক্ষাব্যবস্থা সহ নানা ইস্যুতে ১৫ মে চালু হয়েছিল ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডলটি। তারপর থেকে পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে। গত ১৮দিন ধরে দিল্লির যন্তর মন্তরে লাগাতার আন্দোলন চালাচ্ছে সিজেপি। এদিন দিল্লি হাইকোর্টের রায়ের পর অভিজিৎ দীপকের বার্তা, ‘বাকস্বাধীনতার বড়ো জয়।’ অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একাধিক দাবিতে গত ১০ দিন ধরে যন্তরমন্তরে অনশন করছেন সোনাম ওয়াংচুক। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে দীপকে জানিয়েছেন, ৬ কেজি ওজন কমেছে সোনামের। রক্তচাপও কমেছে। অভিজিতের প্রশ্ন,‘আর কবে সরকারের ঘুম ভাঙবে?’  

Advertisement
সম্পর্কিত সংবাদ