‘আমার কাছে সাফল্য মানে কেবল পেশাগত অর্জন নয়। মানসিক সুস্থতা, আত্ম-সচেতনতার দিকটাও সমানভাবে গুরুত্বপূর্ণ।’ সাফল্যকে এভাবেই ব্যাখ্যা করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর কথায়, ‘আমি এমন একটি প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই যাঁরা ধৈর্য, ভারসাম্য ও আত্মবিশ্বাসকে মর্যাদা দেবে।’ ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্ব সংস্কৃতিতে নিজের ছাপ ফেলেছেন নায়িকা। তাঁর কাজ প্রশংসিত হয়েছে গোটা পৃথিবীতে। সদ্য বিশ্বের ৯০ জন গুরুত্বপূর্ণ নারীর তালিকায় নাম লেখালেন দীপিকা। তাঁরা প্রত্যেকেই বিশ্বে সাংস্কৃতিক পরিমণ্ডল গঠনে সাহায্য করেছেন। তালিকায় রয়েছেন সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশের মতো তারকারা। সেই তালিকাতে নাম তুললেন দীপিকাও। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই খবর শেয়ার করেছেন। সদ্য হলিউড ওয়াক অব ফেমে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে তাঁর নাম উঠেছিল। ফের আরও একটি সাফল্য অর্জন করলেন নায়িকা। এই মুহূর্তে দীপিকা ব্যস্ত ‘কিং’ ছবির কাজে। এছাড়াও ‘কল্কি ২’ ও অ্যাটলি অভিনীত একটি ছবিতে অভিনয় করবেন তিনি।



