• ছোট থেকে মেয়েটি জেদি। নিজের দাবিতে যুক্তি থাকলে সেই জেদ আরও দৃঢ় হয়। জনপ্রিয়তার শিখরে পৌঁছেও সেই স্বভাবের কোনও বদল নেই। মেয়েটি অর্থাৎ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয়ের ক্ষেত্রে ৮ ঘণ্টা শিফ্টের দাবিতে অনড় থাকায় বেশ কিছু ছবি তাঁর হাতছাড়া হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’, নাগ অশ্বিনের ‘কল্কি: ২’ থেকে বাদ পড়েও কোনও আক্ষেপ নেই নায়িকার। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন তিনি। সাফ জানালেন, নিজের দাবি থেকে সরবেন না। দীপিকার দাবি, তাঁর পুরুষ সহকর্মীরা দিনের পর দিন ৮ ঘণ্টা কাজ করেন, এ বিষয়ে কেউ কখনও প্রশ্ন করেননি। অথচ তিনি একই দাবি করলে শিরোনাম তৈরি হচ্ছে। অভিনেত্রী বলেছেন, ‘বহু পুরুষ সুপারস্টার বা স্টার রয়েছেন, যাঁরা দিনের পর দিন এই ৮ ঘণ্টার রুটিন মেনে চলেন। তাঁদের ক্ষেত্রে তো কখনও খবর হতে দেখিনি! এমনকী, তাঁরা শনি ও রবিবারও কাজ করেন না। সপ্তাহে পাঁচ দিন মাত্র ৮ ঘণ্টা করে কাজ করেন।’ দীপিকা জোর গলায় বলেছেন, ‘আমাদের কাজ আমরা শিল্প হিসেবে দেখছি না হয়তো। আমার মনে হয়, আমাদের বেশ কিছু ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এটাই সঠিক সময়।’ নিজের দাবিতে অনড় থাকার জন্য দীর্ঘদিন দীপিকাকে নিয়ে চর্চা হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। কেবল সময়ের জন্য নয়, দীপিকাকে সমালোচনা করা হয়েছে, বেতন বৃদ্ধির দাবির জন্যও। এর জন্য প্রতিনিয়ত লড়াই করছেন তিনি। ‘আমি নীরবে আর সম্মানের সঙ্গে লড়াই করতেই ভালোবাসি’, স্পষ্ট বলেন নায়িকা। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে শুক্রবার দীপিকাকে ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হল।



