সাংহাই: বিশ্বকাপ তিরন্দাজিতে মহিলাদের রিকার্ভ সিঙ্গলসে ব্রোঞ্জ পদকেই সন্তষ্ট থাকতে হল দীপিকা কুমারীকে। একই ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় স্থানে শেষ করলেন পার্থ সালুঙ্খে। শনিবার কম্পাউন্ড ইভেন্টে পাঁচটি পদক জয়ের পর এদিন যোগ হল আরও দু’টি। সব মিলিয়ে সাতটি পদক ঝুলিতে নিয়ে বিশ্বকাপের স্টেজ টু’তে অভিযান শেষ করল ভারতীয় দল।
এদিন শুরুতেই ধাক্কা খান ফেভারিট হিসেবে অভিযান শুরু করা দীপিকা কুমারী। শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ কোরিয়ার লিম সিহিয়ন। এক বছর আগে প্যারিস ওলিম্পিকসেও ভারতীয় মহিলা তারকা পদক জয়ের লড়াইয়ে নেমেছিলেন লিমের বিরুদ্ধে। সেবারও হারতে হয়েছিল দীপিকাকে। শেষ পর্যন্ত সোনা জিতেছিলেন লিম। এদিন ভারতীয় মহিলা তিরন্দাজকে রেঞ্জে থিতু হতেই দিলেন না দক্ষিণ কোরিয়ার তারকা। ১-৭ ব্যবধানে হেরে যান দীপিকা। এরপর ব্রোঞ্জের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ছিলেন আরও এক দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কাং চাই ইয়ে। তবে এবার আর ভুল করেননি ভারতীয় তারকা। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ৭-৩ ব্যবধানে জিতে পদক নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে ষষ্ঠ বাছাই হিসেবে প্রতিযোগিতা শুরু করেছিলেন পার্থ। গ্রুপ পর্ব থেকেই সেরা ছন্দে দেখা যায় তাঁকে। দাপটেই আদায় করে নেন প্লে-অফের ছাড়পত্র। তবে সেমি-ফাইনালে হোঁচট খান ভারতীয় তিরন্দাজ। তাঁর লড়াই ছিল কোরিয়ার শীর্ষ বাছাই কিন উজিনের বিরুদ্ধে। একতরফা ম্যাচে হারেন পার্থ। খেলার ফল ৭-১। তবে ব্রোঞ্জের লড়াইয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেন তিনি। ফরাসি তিরন্দাজ ব্যাপটিস অ্যাডিসকে ৬-৪ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপে প্রথম পদকের স্বাদ পান পার্থ।