প্রথমবার ধারাবাহিকে কাজ করবেন অভিনেতা দেবাশিস মণ্ডল। জি বাংলার আসন্ন ‘সতীপীঠ কালীঘাট’ ধারাবাহিকে মনোহর ডাকাতের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। সেখানে নজর কেড়েছেন দেবাশিস। তাঁর কথায়, ‘এই প্রজেক্ট নিয়ে এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি। প্রোমোতেই কাজ করেছি কেবল। এখনও সবটা আলোচনা সাপেক্ষ।’ ওয়েব সিরিজ হোক বা সিনেমা— দেবাশিসের অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। টেলিভিশনে কাজ করার সিদ্ধান্ত কেন নিলেন তিনি? তাঁর জবাব, ‘আমার কাছে কোনো মিডিয়ামই আলাদা নয়। একজন শিল্পী হিসাবে সব মাধ্যমেই কাজ করতে চাই। ভালো চরিত্রের প্রস্তাব পেলে তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব।’ এর আগেও টেলিভিশনে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন দেবাশিস। তাঁর কথায়, ‘সময় আর কমিটমেন্টের জন্য সেই সময় কাজ করা হয়ে ওঠেনি।’ দেবাশিসের একের পর এক কাজ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। কাজের প্রস্তাব পেতে কতখানি অপেক্ষা করতে হয় তাঁকে? তিনি বললেন, ‘যে পরিমাণ কাজ হওয়ার দরকার ছিল বা কাজ আসার কথা ছিল, সেটা হয়নি। ভালো কাজের অপেক্ষায় রয়েছি।’



