Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্র সরোবরে মরণঝাঁপ, ১ ঘণ্টা বন্ধ মেট্রো

শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর মেট্রো রুটে ফের আত্মহত্যার ঘটনা। রবিবাসরীয় সকালে আবার ব্লু লাইনে সওয়া একঘণ্টা বন্ধ রইল মেট্রো পরিষেবা

রবীন্দ্র সরোবরে মরণঝাঁপ, ১ ঘণ্টা বন্ধ মেট্রো
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর মেট্রো রুটে ফের আত্মহত্যার ঘটনা। রবিবাসরীয় সকালে আবার ব্লু লাইনে সওয়া একঘণ্টা বন্ধ রইল মেট্রো পরিষেবা। প্রেম দিবসের আগে শেষ রবিবারে চূড়ান্ত দুর্ভোগে সাধারণ যাত্রীরা। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বরগামী একটি যাত্রী বোঝাই রেক রবীন্দ্র সরোবর স্টেশনে তখন ঢুকছিল। আচমকাই এক যাত্রী চলন্ত মেট্রো রেকের সামনে ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় রীতিমতো ঘাবড়ে যান প্ল্যাটফর্মে হাজির অসংখ্য যাত্রী। দ্রুত খবর পৌঁছায় মেট্রোর কন্ট্রোল রুমে। খানিক পরেই রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধার কাজ। এই সময় মেট্রোর বিদ্যুৎবাহী থার্ড লাইনের পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই স্তব্ধ হয়ে যায় মেট্রো চলাচল।

Advertisement


পুলিশ সূত্রে খবর, গলফগ্রিন থানার অন্তর্গত বিজয়গড়ের বাসিন্দা জয়শ্রী রায় (৩৫) এদিন মেট্রো লাইনে মারণ ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামগ্রিক পরীক্ষার পর চিকিৎসকরা জয়শ্রীকে ‘মৃত’ বলে ঘোষণা করে। এই উদ্ধার কাজ চলাকালীন মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় আপ-ডাউনের বিভিন্ন স্টেশনে মেট্রো যাত্রীদের ভিড় উপচে পড়ে। কিছু সময় পরে ময়দান থেকে দক্ষিণেশ্বর বিক্ষিপ্ত রুটে মেট্রো চলাচল শুরু হয়। যাত্রীদের অভিযোগ, আত্মহত্যার ফলে এই সমস্যার বিষয়টি উপযুক্তভাবে ঘোষণা করা হয়নি। ফলে বিভিন্ন স্টেশনে টিকিট ফেরত কিংবা স্মার্ট কার্ডে রাইড ফেরানোর লম্বা লাইন পড়ে। এ নিয়ে কয়েকটি স্টেশনে মেট্রো কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা হয়। শহরের লাইফলাইন থমকে যাওয়ার সুযোগে অটো, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহনের চালকরা বাড়তি ভাড়া দাবি করে বলে অভিযোগ।


গত একমাসে ব্লু-লাইনে এই ধরনের খান দশেক আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। ফলে যাত্রী দুর্ভোগ সমানে চলছে। মেট্রো কর্তাদের অসহায় স্বীকারোক্তি, এই সমস্যার কোনও সমাধানসূত্র তাঁরা খুঁজে পাচ্ছেন না। ফলে এই জটিলতাকেই সঙ্গে নিয়েই চলতে হবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ সম্পূর্ণ রুটে ফের মেট্রো চলাচল শুরু হয়। যদিও যাত্রীদের একাংশের দাবি, গোটা নর্থ-সাউথ করিডরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে হতে  দুপুর গড়িয়ে যায়।  মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ