সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার রাতে মালদহের গাজোল-বামনগোলা ব্লকের রানিগঞ্জের টাঙন নদীর চ্যাংনাঘাটে বাইক নিয়ে বাঁশের সাঁকো পারাপার করার সময় পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম দীপঙ্কর সরকার (৪০)। বাড়ি গাজোল ব্লকের রানিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের বুড়িদহ এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্করবাবু কৃষিকাজ করতেন। শুক্রবার বিকেলে বাজার করতে বাইক নিয়ে বামনগোলার থানার পাকুয়া সদরে যান। রাতে ফেরার সময় ওই নদীর গাজোলের রানিগঞ্জ এলাকায় সাঁকো থেকে নীচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ে গিয়ে দীপঙ্করবাবু শরীরের বিভিন্ন অংশে চোট পান। তাঁকে স্থানীয়রা দ্রুত গাজোল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির এভাবে মৃত্যুতে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ ও আতঙ্কিত। তাঁরা নদীর উপর কংক্রিটের সেতুর জোরাল দাবি জানিয়েছেন। গাজোল এবং বামনগোলা ব্লকের মাঝ দিয়ে টাঙন নদী বয়ে গিয়েছে। ওই বাঁশের সেতু দিয়ে প্রতিদিন পাঁচ হাজারের বেশি মানুষ চলাফেরা করে। সেজন্য পাকা সেতুর দাবি বহু বছরের। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কাজ হয়নি। এর আগে ছোটখাট দুর্ঘটনাও ঘটেছে। এতে অনেকেই জখম হয়েছেন। কিন্তু ওই ব্যক্তির মৃত্যুতে সবাই আতঙ্কিত। তাঁরা চ্যাংনাঘাটে দ্রুত পাকা সেতু তৈরির দাবি করেছেন।



