নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগরের কাউগাছি এলাকার বাসিন্দা কার্তিকচন্দ্র সিংহরায়। দিব্যি বেঁচেবর্তে আছেন। কিন্তু সম্প্রতি তাঁর পুত্র জানতে পারেন, সরকারি খাতায় তাঁর বাবা মৃত! চোখ কপালে ওঠে পরিবারের সদস্যদের। খোঁজ নিয়ে জানতে পারেন, উত্তর বারাকপুর পুরসভা থেকে কার্তিকবাবুর ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। বিষয়টি নজরে আসার পরই স্থানীয় বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কার্তিকবাবুর পরিবারের এক সদস্য। জানা যায়, কোভিড চলাকালীন কার্তিকবাবুর দাদা নিমাইচন্দ্র সিংহরায় মারা যান। অভিযোগ, সেই সময় নিমাইবাবুর পরিবারের তরফেই কার্তিকবাবুর ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা হয়। কীভাবে বিষয়টি প্রথম নজরে এল? কার্তিকবাবুর ছেলে সৌমিত্র সিংহরায়ের দাবি, সম্প্রতি কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে গিয়ে তাঁরা দেখেন যে সরকারি খাতায় কার্তিকবাবু ও তাঁর দাদা নিমাইবাবু, দু’জনেই মৃত। এই সূত্রেই সৌমিত্রবাবুদের অভিযোগ, ভুয়ো শংসাপত্র দেখিয়ে তাঁদের পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কার্তিকবাবু নিজে এই খবর শুনে হতবাক। মঙ্গলবার তিনি বলেন, ‘এ আবার হয় নাকি! জমিজমা, সম্পত্তির কারণে মানুষ এত নীচে নামতে পারে! জীবিত মানুষকে মৃত বানিয়ে দিল!’



