Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় বাড়ি ভাংচুর, গ্রেপ্তার মাটিগাড়ার দুষ্কৃতী

দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় বাড়ি ভাংচুর, গ্রেপ্তার মাটিগাড়ার দুষ্কৃতী
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জমি মাফিয়াদের দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করল দুষ্কৃতীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে  ফুলবাড়ি থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম পাপ্পু রায়। ১০ জানুয়ারি মাটিগাড়া থানায় আট জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিপাসনা ছেত্রী নামে এক মহিলা। তাঁর অভিযোগ, স্বামী সুজন খালিং ২০২১ সালে মাটিগাড়া থানা অন্তর্গত পাচকেলগুড়ি মৌজায় তিন কাঠা জমি কিনেছিলেন। এরপর ২০২২ সালে সেই জমিতে একটি বাড়ি তৈরি করেন তাঁরা। সেইসময় এলাকার কিছু জমি মাফিয়া তাঁর স্বামীর কাছ থেকে দাদাগিরি ট্যাক্স হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় বারবার চাপ দেয়। তবে টাকা দিতে অস্বীকার করেন জমির মালিক। এরপরই ৮ জানুয়ারি পাপ্পু রায় তার কিছু সঙ্গীকে নিয়ে বাড়িতে এসে টাকা দাবি করে। মহিলার অভিযোগ, টাকা না দেওয়ায় জমি মাফিয়ারা অন্য কারও নামে জমি হস্তান্তরের হুমকি দেয়। সীমানা প্রাচীরও ভেঙে ফেলে। এরপরই সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। অভিযোগ জমা পড়তেই অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়। শনিবার রাতে পাপ্পু রায়কে গ্রেপ্তার  করে পুলিস। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তুলে তদন্তের স্বার্থে তিনদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিস। মাটিগাড়া থানার এক শীর্ষ পুলিস আধিকারিক জানিয়েছেন, জমি জবরদখল করা ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ