Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোভার লেন মিউজিক কনফারেন্সের সূচনা

ডোভার লেন মিউজিক কনফারেন্সের সূচনা
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য বৈচিত্র্যময়। গোটা বিশ্বে তা সমাদৃত। দেশের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে চলেছে ‘দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স’। বুধবার কলকাতার নজরুল মঞ্চে সূচনা হল এই সাঙ্গীতিক মহোৎসবের। চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ‘বর্তমান’। দেখতে দেখতে ৭৩ বছর পূর্ণ করল এই চার রাত্রীব্যাপী উৎসব। পরিচালন সমিতির অধ্যক্ষ ব্রতীন্দ্র মুস্তাফি বলেন, ‘শ্রোতাদের আশীর্বাদ ও ভালোবাসায় পরিপূর্ণতা লাভ করেছে এই অনুষ্ঠান।’ 
Advertisement
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবছরের সঙ্গীত সম্মেলনের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক দেবাশিস কুমার, প্যাটন গ্ৰুপের কর্ণধার সঞ্জয় বুধিয়া প্রমুখ। গত বছর উস্তাদ জাকির হুসেন, উস্তাদ আশিস খান সহ শাস্ত্রীয় সঙ্গীত জগতের বহু উজ্জ্বল নক্ষত্রে প্রয়াণ ব্যথিত করেছে অনুরাগীদের। অনুষ্ঠানের সূচনা লগ্নে তাঁদের স্মরণ করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ডোভার লেন মিউজিক কনফারেন্সের খ্যাতি শুধু বাংলায় সীমাবদ্ধ নয়। দেশ তথা বিশ্বের মানুষ এই উৎসবের কদর করেন।’ 
এদিন সঙ্গীত সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট নৃত্যশিল্পী ডঃ ইলম ইন্দিরা দেবীকে। তিনি মণিপুরী নৃত্যের উল্লেখযোগ্য নাম। দীর্ঘদিন ধরে নৃত্যের মাধ্যমে মঞ্চে একাধিক কাহিনিকে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেন, ‘এই সম্মান পেয়ে আমি আনন্দিত। ডোভার লেনে শাস্ত্রীয় মণিপুরী নৃত্য পরিবেশন করার সুযোগ পাওয়াটা অত্যন্ত গর্বের।’ বার্ষিক নৃত্য-সঙ্গীত সম্মেলনের পাশাপাশি মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে থাকে ডোভার লেন। এদিন কণ্ঠসঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন বিভাগের বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ