জন্মদিনের আগে পাহাড় থেকে বাবার নিথর দেহ নিয়ে ফিরল মেয়ে
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সামনেই ছিল মেয়ের জন্মদিন। পাহাড়ে বেড়াতে গিয়ে জন্মদিনের আনন্দে মেতে ওঠার বদলে বাবাকে হারানোর যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরতে হল মেয়েকে। যে রাতে বাবার সঙ্গে কেক কাটার কথা ছিল, সেই রাতেই বাবার নিথর দেহ নিয়ে বারাসতের বাড়িতে ফিরল মেয়ে স্নিগ্ধা পাল। সান্দাকফু বেড়াতে গিয়ে শ্বাসকষ্টে মৃত্যু হয় বারাসতের পাইওনিয়ার এলাকার বাসিন্দা বুবাই পালের। টুমলিঙের একটি হোম স্টেতে অসুস্থ হয়ে মেয়ের কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী জয়িতাও। মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।

Advertisement

পেশায় কসমেটিকস ব্যবসায়ী বুবাই গত ১৮ অক্টোবর, শনিবার স্ত্রী জয়িতা, মেয়ে স্নিগ্ধাকে নিয়ে পাহাড়ে বেড়াতে যান। নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন হয়ে সান্দাকফু পৌঁছন তাঁরা। ২০ অক্টোবর, মঙ্গলবার টুমলিঙের একটি হোম স্টেতে রাত্রিবাস করেন। সেখানেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বুবাইয়ের। তাঁকে প্রথমে মানেভঞ্জন এবং পরে সুখিয়াপোখড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দার্জিলিং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর বুধবার রাতে দেহ নিয়ে বারাসতে ফেরেন পরিবারের সদস্যরা।
২২ অক্টোবর বৃহস্পতিবার ছিল স্নিগ্ধার জন্মদিন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে স্নিগ্ধা। জন্মদিনের ঠিক আগেই বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে সে। বাড়িতে বসে এখনও সেই রাতের স্মৃতি ভুলতে পারছেন না পরিবারের সদস্যরা। জয়িতার কথায়, আমার তো সব শেষ হয়ে গিয়েছে। একমাত্র মেয়েকে নিয়ে আগামী দিনে কীভাবে চলব, বুঝতে পারছি না। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।