Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়: বিজেপির প্রতি ক্ষোভ বাড়ছে গোর্খাদের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন জিম্বা

পাহাড়: বিজেপির প্রতি ক্ষোভ বাড়ছে গোর্খাদের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন জিম্বা
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ইস্যুতে ফের সবর বিজেপির শরিক দল জিএনএলএফ। মঙ্গলবার বিজেপি সমর্থিত জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠান। তাঁর অভিযোগ, গোর্খারা এখন বিজেপির উপর আস্থা হারাচ্ছে। 

Advertisement

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর পাহাড় ইস্যুতে ফের ত্রিপাক্ষিক বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। গোটা পরিস্থিতি নিয়ে সরগরম পাহাড়ের রাজনীতি। 
স্থায়ী রাজনৈতিক সমাধন ইস্যুতে দীর্ঘদিন ধরে সরব পাহাড়বাসী। এই অবস্থায় বিভিন্ন সময় পাহাড়ে গিয়ে বিজেপির নেতারা সেই দাবি পূরণের আশ্বাস দেন। এমনকী, প্রধানমন্ত্রীও বলেছিলেন, গোর্খাদের স্বপ্ন, আমার স্বপ্ন। কিন্তু এখনও পর্যন্ত সেই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও আলোচনাই শুরু করতে পারেনি। এ ব্যাপারে ফের সরব হয়েছে বিজেপির শরিক দল জিএনএলএফ। তারা এ ব্যাপারে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। এদিন বিষয়টি নিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন বিজেপির সমর্থিত দার্জিলিংয়ের জিএনএলএফ বিধায়ক। 
জিম্বা বলেন, গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন’। এটি কেবল একটি স্লোগান ছিল না, বরং একটি পবিত্র প্রতিশ্রুতি ছিল। কাজেই বিষয়টি নিয়ে অবিলম্বে আলোচনা শুরু হওয়া উচিত। বিজেপির প্রতি গোর্খা সম্প্রদায়ের ক্ষোভ ক্রমশ বাড়ছে। বছরের পর বছর ধরে বিজেপির উপর তৈরি হওয়া আস্থা এখন কার্যত ভঙ্গুর। গোর্খারা ধৈর্য্যহারা হয়ে পড়ছেন। আরও বিপজ্জনক হচ্ছেন। রাজনৈতিক সমাধান না হওয়ায় এখানে দেশ বিরোধী এবং সন্দেহজনক উপাদানগুলি স্থান পাচ্ছে। এই শূন্যস্থানে অজানা শক্তি সক্রিয় হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকারের অবিলম্বে এটি মোকাবিলা করা উচিত। 
এদিকে, সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দার্জিলিংয়ের এমপি। এ ব্যাপারে সাংসদ সোশ্যাল মিডিয়ায় জানান, এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। ওই বিষয়গুলির মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা ত্বরান্বিত করার অনুরোধ করেছেন। মন্ত্রী তাঁকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনও সময় ত্রিপাক্ষিক আলোচনা হতে পারে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ