নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার হল না ডি এ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে মামলা পিছনোর জন্য সময় চেয়ে ছিল রাজ্য সরকার। আদালতও অনুমোদন করল বটে, তবে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়ে দিল, আগামী বুধবার ১৪ তারিখ শুনব। তৈরি থাকুন। কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মী সংগঠন ফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ, ওয়েস্ট বেঙ্গল। হাইকোর্টে রাজ্য সরকার হেরে যায়। তাই সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২২ সাল থেকে চলছে মামলা। অধিকাংশ সময়ই রাজ্য সরকার মামলা পিছনোর আবেদন করেছে। এদিনও একইভাবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আমাকে অন্য বেঞ্চে মামলায় ব্যস্ত থাকতে হবে। তাই এই ডিএ মামলা অন্যদিন শুনলে ভালো হয়। জুলাই মাসে। কিন্তু তার প্রতিবাদ করেন কর্মী সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।



