সংবাদদাতা, তুফানগঞ্জ: বাংলার বাড়ি প্রকল্পের ঘর প্রাপকের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত বজরাপুরের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বিজেপি পরিচালিত শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিতভাবে অভিযোগ জানান প্রতারিত গোবিন্দ বর্মন। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন।
উপভোক্তা গোবিন্দ বলেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকায় প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছি। এরপরই তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। আমাকে বলা হয় ৫০ শতাংশ টাকা না দেওয়া হলে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। চাপে পড়েই আমি তাঁকে টাকা দিয়েছিলাম। এখন ফেরত চাইতে গেলে উল্টো তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন বলেন, পুরোটাই বিজেপির চক্রান্ত। আমি কারও কাছ থেকে টাকা নেইনি। রাজনৈতিক উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।
শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে, কাটমানি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাস। বলেন, তৃণমূলের জমানায় টাকা না দিলে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না। ওদের লজ্জা লাগা দরকার। তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।