নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রবীন্দ্র সরোবরে মারা পড়ল মাছ। বৃহস্পতিবার পরিবেশ দিবসের সকালে রবীন্দ্র সরোবরের একাধিক মরা মাছ ভেসে ওঠে। কয়েকটি মাছের শরীরে জড়িয়ে ছিল প্লাস্টিক। সে ছবি দেখে ফের ছড়িয়েছে আতঙ্ক।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রবীন্দ্র সরোবরে মারা পড়ল মাছ। বৃহস্পতিবার পরিবেশ দিবসের সকালে রবীন্দ্র সরোবরের একাধিক মরা মাছ ভেসে ওঠে। কয়েকটি মাছের শরীরে জড়িয়ে ছিল প্লাস্টিক। সে ছবি দেখে ফের ছড়িয়েছে আতঙ্ক।
জলের ভিতর অক্সিজেনের অভাব? নাকি প্লাস্টিক জড়িয়ে দমবন্ধ হয়ে মৃত্যু? উঠছে এ ধরনের একাধিক প্রশ্ন। রবীন্দ্র সরোবর দেখভালের দায়িত্বে রয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) । তারা জানিয়েছে, মাছের মড়ক লাগেনি। আবহাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। প্রতিবছরই এই ধরনের ঘটনা ঘটে। অস্বাভাবিক কিছু নয়।
সরোবরের গভীরতা কমে যাওয়া। জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ইত্যাদি কারণে ঘনঘন মাছ মারা যাচ্ছে বলে অভিযোগ। পরিবেশপ্রেমীরা দীর্ঘদিন ধরে লেকের ড্রেজিং বা পলি তোলার দাবি জানাচ্ছিলেন। তারপর রবীন্দ্র সরোবরের পাড় বরাবর মাটি তুলে লেকের গভীরতা বৃদ্ধির কাজ করে কর্তৃপক্ষ। পাশাপাশি কোন অংশ কতটা গভীর, অক্সিজেনের মাত্রা কোথায় কেমন, তার সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। খুব শীঘ্রই সমীক্ষার প্রাথমিক রিপোর্ট পেশ হতে চলেছে। এর মধ্যেই ফের মাছ মারা যাওয়ার ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সকালে ভেসে উঠেছিল সাত-আটটির মতো মরা মাছ। লেকে আসা প্রাতর্ভ্রমণকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এই ঘটনা ঘটছে। রোজ কয়েকটি মরা মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবারও দেখা গেল কয়েকটি মাছের গায়ে প্লাস্টিক জড়ানো। লেকে যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং নজরদারি চালানো হয়, তারপরও জলে প্লাস্টিক বা পলিথিন ব্যাগ কোথা থেকে এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পরিবেশপ্রেমীদের দাবি, রবীন্দ্র সরোবরের গভীরতা বছর বছর কমছে। ড্রেজিং করার প্রয়োজন। পাশাপাশি জলের দূষণ কমাতেও পদক্ষেপ নিতে হবে। যাতে জলের ভিতর অক্সিজেনের পরিমাণ না কমে। জলদূষণের কারণেই প্রতিবছর মাছের মৃত্যু হচ্ছে বলে মত পরিবেশপ্রেমী এবং প্রাতর্ভ্রমণকারীদের। যদিও কেএমডিএ’র এক আধিকারিক বলেন, বিষয়টি স্বাভাবিক। প্রতি বছর যখন টানা কয়েকদিন মেঘলা আবহাওয়া থাকে তখন জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। যার জেরে কিছু মাছের মৃত্যু ঘটে। এই ক্ষেত্রেও তেমন হয়েছে। কারণ টানা কয়েকদিন আকাশ মেঘলা ছিল। রোদের দেখা মেলেনি। কিন্তু প্রচুর মাছ মারা গিয়েছে বা মাছের মড়ক লেগেছে তেমনটা নয়। কর্তৃপক্ষের বক্তব্য, সরোবরের জলের মান উন্নয়নের একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু জলে প্লাস্টিক কোথা থেকে এল? এটি অবশ্যই চিন্তার বিষয়। কারণ এত নজরদারির পরও জলে প্লাস্টিক থাকা কাম্য নয়। একদিকে যখন বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের শপথ নেওয়া হচ্ছে, তখন সরোবরের জলে প্লাস্টিক বা পলিথিন ব্যাগের উপস্থিতি, তাতে জড়িয়ে ভেসে ওঠা মরা মাছ, স্বাভাবিকভাবেই তুলছে একাধিক প্রশ্ন।