Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুযোগ নষ্ট কামিংসের, গোয়ার বিরুদ্ধে হতাশ করলেন রবসন, লিড নিয়েও ড্র মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাথাভারী দল। ঝলমলে তারকায় স্কোয়াড ভরতি। তবে চলতি আইএসএলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার হোঁচট খেয়েছে লোবেরা ব্রিগেড। মুম্বই, বেঙ্গালুরু হোক বা জামশেদপুর— পুরো পয়েন্ট পেতে ব্যর্থ কামিংসরা।

সুযোগ নষ্ট কামিংসের, গোয়ার বিরুদ্ধে হতাশ করলেন রবসন, লিড নিয়েও ড্র মোহন বাগানের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

এফসি গোয়া-১   :   মোহন বাগান-১
(রনি)                                (ম্যাকলারেন)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাথাভারী দল। ঝলমলে তারকায় স্কোয়াড ভরতি। তবে চলতি আইএসএলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার হোঁচট খেয়েছে লোবেরা ব্রিগেড। মুম্বই, বেঙ্গালুরু হোক বা জামশেদপুর— পুরো পয়েন্ট পেতে ব্যর্থ কামিংসরা। শনিবার গোয়ায় সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। লিড নিয়েও এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহন বাগান। এই ফলে খুশি ইস্ট বেঙ্গল। কারণ, কলকাতার দুই প্রধানই ১০ ম্যাচে ২১ পয়েন্ট পেয়েছে। তবে গোল পার্থক্যের নিরিখে শীর্ষস্থান ধরে রাখল অস্কার ব্রিগেড। এদিন লোবেরার দলের হয়ে লক্ষ্যভেদে সফল ম্যাকলারেন। গোয়ার গোলদাতা রনি উইলসন। বিপক্ষ ডাগ-আউটে মানোলো মার্কুয়েজের অনুপস্থিতি কাজে লাগাতে ব্যর্থ বাগান ফুটবলাররা। হতাশ লোবেরার মন্তব্য, ‘গোল করতে হবে। ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।’
প্রথম একাদশে এদিন দু’টি বদল করেছিলেন কোচ লোবেরা। মাঝমাঠে শুরু থেকেই আপুইয়াকে মাঠে নামান তিনি। এছাড়াও রক্ষণে জোড়া বিদেশি স্টপার আলড্রেড ও আলবার্তো। ৪-২-৩-১ এর ফর্মেশনে শুরু থেকেই সচল ছিলেন লিস্টন। বরং কাগুজে বাঘ হয়েই রইলেন রবসন। মরশুম শেষ প্রান্তে এলেও তিনি আনফিট! খর্বকায় বরিস সিংকে টপকাতে তাঁর কালঘাম ছুটল। মাঝমাঠও তথৈবচ। প্লে মেকারের ভূমিকায় গ্রেগ স্টুয়ার্টের জুতোয় পা গলানোর লোক নেই। ফলে চাপ থাকলেও রক্ষণচেরা পাস ছিল অদৃশ্য। ম্যাকলারেনকে বল বাড়াবেন কে? বরং চোট সারিয়ে আপুইয়া অনেক চনমনে। গে ড্র্যাজিককে নড়ার জায়গা দিলেন না তিনি। 
পরিস্থিতি বুঝে বিরতিতে জোড়া পরিবর্তন করেন কোচ লোবেরা। রবসন ও আপুইয়ার পরিবর্তে যথাক্রমে কামিংস ও মনবীরকে মাঠে নামান তিনি। আর তাতেই গোয়া রক্ষাণ চিচিং ফাঁক। ৫৫ মিনিটে নিজেদের ডিফেন্সিভ থার্ডে বড় ভুল করলেন সন্দেশ ঝিংগান। রিসিভ ভুল করতেই চোরা গতি কাজে লাগিয়ে বলের দখল নেন ম্যাকলারেন। তারপর আগুয়ান গোলরক্ষকের পায়ের তলা দিয়ে জাল কাঁপান তিনি (১-০)। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। পরিবর্ত হিসেবে নামা রনি উইলসনের সেন্টার বাঁক খেয়ে জালে জড়ায় (১-১)। ম্যাচের বয়স তখন ৬৭ মিনিট। আসলে আপুইয়া উঠে যেতেই মোহন বাগান রক্ষণ নড়বড় করতে থাকে। এর মধ্যেও সহজ সুযোগ হাতছাড়া করলেন কামিংস। বক্সের মধ্যে তাঁকে বল সাজিয়ে দিয়েছিলেন সাহাল। কিন্তু তিনি তো গোল করতে ভুলে গিয়েছেন! শেষ পর্বে আলড্রেড বিপক্ষের শট রুখে না দিলে মাথা হেঁট হতে লোবেরার।
মোহন বাগান: বিশাল, শুভাশিস, আলড্রেড, আলবার্তো, অভিষেক, রবসন (কামিংস), অনিরুদ্ধ (দীপক), সাহাল (অভিষেক), আপুইয়া (মনবীর), লিস্টন ও ম্যাকলারেন (দিমিত্রি)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ