নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাখির চোখ যুবক ভোট। তাই ভোটমুখি উত্তরবঙ্গের ময়দানে এবার যুবসাথী প্রকল্প নিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই তারা ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকে দু’টি সহায়তা ক্যাম্প চালু করেছে। প্রথমদিনই ক্যাম্প দু’টিতে হাজির হন শতাধিক যুবক। এনিয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস নেতারা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশ্লিষ্ট প্রকল্পকে সামনে রেখে ব্লকে ব্লকে এ ধরনের সহায়তা ক্যাম্প করার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে তাঁদের কটাক্ষ, কেন্দ্রীয় বাজেট যেন ‘মরুভূমি’। পাল্টা সরব পদ্ম শিবির। তাদের বক্তব্য, ভাতার টোপে মন গলবে না বাংলার। উভয়পক্ষের এমন বক্তব্যে সরগরম স্থানীয় রাজনীতি। এবার রাজ্য বাজেটে বেশকিছু সামাজিক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেগুলির মধ্যে যুবসাথী অন্যতম। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা যুবকরা এই প্রকল্পে মাসে ১৫শো টাকা করে ভাতা পাবেন। ভোটের আগেই সংশ্লিষ্ট ভাতা প্রদান শুরু হবে। এই প্রকল্পে বেকার যুবকদের সহায়তা করতে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল। এদিন তারা ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকে ক্যাম্প করে। তৃণমূলের ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর কাজল ঘোষ বলেন, প্রথমদিনই ক্যাম্পগুলিতে প্রায় ১০০ জন করে যুবক যোগাযোগ করেছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প হবে। তাতে ১০-১২ জন করে যুবক-যুবতী থাকবেন। তাঁরা যুবসাথী প্রকল্পের ফরম তোলা, তা পূরণ করা ও জমা দেওয়ায় সহায়তা করবেন। এরবাইরে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা ক্যাম্পে নিয়মিত যাবেন।



