সংবাদদাতা, সাঁইথিয়া: ফি বছর ডিসেম্বর ও জানুয়ারিতে জেলার পিকনিক স্পটগুলিতে উপচে পড়ে ভিড়। কিন্তু বীরভূমের অধিকাংশ পিকনিক স্পটগুলিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই। তেমনই জেলার পিকনিক স্পটগুলির অন্যতম সিউড়ির তসরকাটা। যার ঠিকানা জেলা সদর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। সোনাঝুরি, শিশু, ছাতিম সহ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা মনোরম এই পরিবেশে বনভোজন এক অন্য মাত্রা জোগায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর তসরকাটায় পিকনিক করতে এসেও এখানকার পরিকাঠামোর ছবিটা বদলায়নি। জলের সমস্যা এখানে রয়েই গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পিকনিক স্পটে একটি অকেজো ট্যাপকল ও একটি মাত্র চাপাকল রয়েছে। যা এখানে আসা কয়েকশো পিকনিক পার্টির কাছে নগন্য। বাধ্য হয়ে কেউ পুরসভা থেকে জলের ট্যাংক ভাড়া নিয়ে যান অথবা জলের জ্যারিকেন কিনে নিয়ে ওখানে যেতে হয়। ওই পিকনিক স্পটে পর্যাপ্ত পানীয় জলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পিকনিক পার্টিগুলি। স্থানীয় বাসিন্দা নরেশ দাসের কথায়, পিকনিকের মরশুমে শহর ও আশপাশের গ্রামগুলি থেকে ভিড় জমান পার্টিগুলি। মূলত ডিসেম্বর ও জানুয়ারি মাসেই এই তসরকাটায়সবচেয়ে ভিড় হয়। ফেব্রুয়ারির প্রথম দিকেও পিকনিক করতে আসেন অনেকেই। তবে ওই দু’মাসের তুলনায় কম। এছাড়াও বছরের বিভিন্ন সময় ছোটো খাটো অনুষ্ঠান অথবা শুটিং করতেও এখানে অনেকেই আসেন। স্থানীয় পঞ্চায়েত থেকে তসরকাটায় পানীয় জলের ব্যাপারে কোনও উদ্যোগই নেওয়া হয়নি।



