সংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছোট রাক্ষসখালি গ্রামের লোকালয় থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক একটি কুমির। এছাড়াও মিলেছে কুমিরের ৪০টি ডিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় গ্রামবাসী হরিহর বেরা তাঁর বাগানে আম পাড়তে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই একটি কুমির তাঁর দিকে তেড়ে আসে। তিনি এসে গ্রামবাসীদের বিষয়টি জানান। পরে তাঁরা দলবেঁধে গিয়ে দেখেন, একটি নারকেল গাছের নীচে কুমিরটি শুয়ে রয়েছে। এ খবর গ্রামে রটতেই দেখার জন্য প্রচুর মানুষ এসে ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা এসে জাল পেতে ওই কুমিরকে ধরে ফেলেন। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য মতিলাল মাইতি বলেন, ‘কার্জন ক্রিক নদীর বাঁধ পেরিয়ে কুমির গ্রামে ঢুকেছে। নদী বাঁধ থেকে প্রায় ৫০০ মিটার দূরে হরিহরবাবুর বাগানে এসে আশ্রয় নেয়।’ বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। এদিন ৪০টি ডিমও উদ্ধার করা হয়েছে। সেগুলি ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ওই কুমিরকে নদীতে ছেড়ে দেওয়া হবে।



