Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সদ্য ঢালাই করা রাস্তায় ফাটল, প্রতিবাদ করতেই মার প্রাক্তন তৃণমূল সদস্যকে, অভিযোগ সিপিএম ও কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে

মালদহের চাঁচলে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ করায় মারধরের অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে।

সদ্য ঢালাই করা রাস্তায় ফাটল, প্রতিবাদ করতেই মার প্রাক্তন তৃণমূল সদস্যকে, অভিযোগ সিপিএম ও কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচলে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ করায় মারধরের অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ তুলতেই কর্মীদের হামলার শিকার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ একাধিক কর্মী। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই সদস্য সামিম আক্তার সরকার। মাথা ফেটে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। আহত হয়েছেন আরও পাঁচ তৃণমূল কর্মী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে চাঁচল থানার মহানন্দপুর এলাকায়। রাতে আক্রান্তদের তরফে থানায় অভিযোগ করা হয়।

Advertisement

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,পথশ্রী প্রকল্পে ওই এলাকায় প্রায় এক কিলোমিটার কংক্রিটের রাস্তার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার কাজ চলাকালীন সদ্য ঢালাই করা রাস্তায় ফাটল দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় তৃণমূল কর্মীরা গুণগত মান যাচাইয়ের দাবি জানান। সেই সময় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে।

তৃণমূলের অভিযোগ, ঠিকাদারের সঙ্গে হাত মিলিয়ে ইচ্ছাকৃত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। সেই অনিয়মকে আড়াল করতেই সক্রিয় ভূমিকা নেন এলাকার সিপিএমের পঞ্চায়েত সদস্য মহবুল হক ও কয়েকজন কংগ্রেস কর্মী। তৃণমূল কর্মীরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের উপর চড়াও হয় বিরোধীরা। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে বলে দাবি।

আক্রান্ত প্রাক্তন সদস্য সামিম বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে দুর্নীতি চলতে দেওয়া যায় না। ঠিকাদারকে সামনে রেখে নিম্নমানের কাজ হচ্ছিল। আমরা বাধা দিতেই সিপিএম ও কংগ্রেস কর্মীরা হামলা চালায়।

এরা উন্নয়ন নয়, শুধু কাটমানি আর অরাজকতা চায়। সিপিএমের পঞ্চায়েত সদস্য মহবুল হক, মসিউর রহমান, তফজ্জল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

তৃণমূলের মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন বলেন, যে এলাকায় কাজ হচ্ছিল, সেটি কংগ্রেসের বুথ। তা সত্ত্বেও রাজ্য সরকার সেখানে উন্নয়নমূলক কাজ করছে। কিন্তু উন্নয়ন মানেই বিরোধীদের অস্বস্তি। সিপিএম ও কংগ্রেস নেতাকর্মীরা কাটমানি নিয়ে নিম্নমানের কাজ করাচ্ছিলেন। আমাদের কর্মীরা প্রতিবাদ করতেই হামলা চালানো হয়েছে।

দায় এড়াতে পাল্টা সাফাই দিয়েছে সিপিএম ও কংগ্রেস। সিপিএমের চাঁচল ১ এরিয়া কমিটির সদস্য জিয়াউল আনসারি বলেন, রাজ্যজুড়ে তৃণমূলই কাটমানি তুলছে। আমাদের জনপ্রতিনিধি কাটমানি নিচ্ছেন, এটা অবাস্তব কথা।

চাঁচল ১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমানের মন্তব্য, সেখানে  তৃণমূলই কাটমানি দাবি করতে গিয়েছিল। স্থানীয়রা রুখে দাঁড়িয়েছেন। চাঁচল থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন তৃণমূল কর্মীরা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ