সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ার পর এবার উলুবেড়িয়া। পাইপ লাইনে ফাটল দেখা দেওয়ায় বুধবার সকাল থেকে জল পেল না উলুবেড়িয়া পুরসভার একাধিক ওয়ার্ড। যার জেরে সমস্যায় পড়লেন বাসিন্দারা। যদিও পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, জরুরি ভিত্তিতে পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যার মধ্যেই এই সমস্যা মিটে যাবে বলে দাবি পুর কর্তাদের। যদিও রাত পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক হয়নি।
৩২টি ওয়ার্ডের উলুবেড়িয়া পুরসভায় বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে জল প্রকল্প আছে। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে জল সরবরাহ করা হয়। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় আচমকা উলুবেড়িয়া গোরুহাটায় জলের পাইপ লাইনে ফাটল দেখা দেয়। রাতেই পুরসভার জল দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে পাইপ লাইন মেরামতের কাজ শুরু করে। বুধবার সকালে ঘটনাস্থলে যান পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তবে পাইপ লাইন মেরামতের কাজ শুরু হলেও বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের মানুষ জল না পেয়ে সমস্যায় পড়েন। বেলার দিকেও জল না আসায় সমস্যা আরও তীব্রতর আকার নেয়। সমস্যা মেটাতে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানেও মানুষের লম্বা লাইন লক্ষ করা যায়। উলুবেড়িয়া পুরসভার জলদপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ জানান, পাইপ লাইন মেরামতের কাজ চলছে। জলের প্রেশার কম থাকায় সব ওয়ার্ডে সমানভাবে জল পৌঁছচ্ছে না। তবে পুরসভার ২০টি পানীয় জলের গাড়িকে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, জরুরি ভিত্তিতে পাইপ লাইন মেরামত করা হচ্ছে। দু’-তিনটি ওয়ার্ডে পানীয় জলের একটু সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে দাবি করেন চেয়ারম্যান অভয় দাস।