সংবাদদাতা, বজবজ: মহেশতলার বাটামোড়ের কাছে মেহমানপুরে খালের উপর দিয়ে যাওয়া পানীয় জল সরবরাহকারী প্রধান পাইপলাইনে ফাটল ধরা পড়েছে। ফোয়ারার মতো প্রবল গতিতে বেরিয়ে আসছে জল। রবিবার দুপুরে বিষয়টি নজরে আসার পরই বজবজ পুরসভার তরফে কেএমডিএ-কে জানানো হয়। মেরামতির জন্য কর্মীদের নামিয়েও দিয়েছে কেএমডিএ। মহেশতলার আকড়া জলপ্রকল্প এই পাইপলাইনের মাধ্যমে বজবজ পুরসভার বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ হয়। এই ঘটনার ফলে রবিবার বিকেলে এই পুরসভার কোনও ওয়ার্ডেই জল দেওয়া যায়নি বলে খবর। নাগরিকদের এই অসুবিধার জন্য বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশও করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘পাইপ মেরামতির কাজ চলছে। তাই বিকেলের পানীয় জল সরবরাহ সম্ভব নাও হতে পারে। মানুষের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’ কেএমডিএ সূত্রে দাবি করা হয়েছে, কাজ দ্রুত গতিতে এগচ্ছে। পাইপের একটা বড় অংশ ফেটেছে। তাই অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হচ্ছে। পানীয় জল পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের যাতে খুব বেশি অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। প্রসঙ্গত, মহেশতলার একটি বড় ভূগর্ভস্থ জলাধার মেরামতির জন্য এমনিতেই বজবজে জলের চাপ কমেছে। তার সমাধানের জন্য কেএমডিএ পরীক্ষামূলক বিকল্প পদক্ষেপও গ্রহণ করেছে। তার রেশ কাটার আগেই রবিবার মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের মেহমানপুরের কাছে খালের উপরের পাইপে ফাটল ধরা পড়ায় বজবজ পুরসভার বাসিন্দারা বিপাকে পড়েছেন।



