Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্ত্রাসের কারিগর সিপিএম নেতারাই এখন জার্সি বদলে বিজেপি: অভিষেক

লাল সন্ত্রাসের কারিগররাই এখন জার্সি বদলে বিজেপি। শুক্রবার সবংয়ে রক্তঝরা অতীত স্মরণ করিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সন্ত্রাসের কারিগর সিপিএম নেতারাই এখন জার্সি বদলে বিজেপি: অভিষেক
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মনিরাজ ঘোষ, খড়্গপুর: লাল সন্ত্রাসের কারিগররাই এখন জার্সি বদলে বিজেপি। শুক্রবার সবংয়ে রক্তঝরা অতীত স্মরণ করিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

এদিন তিনি দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে সবংয়ের তেমাথানি পল্লীশ্রী রাইস মিলের মাঠে জনসভা করেন। সেখানে তিনি বলেন, ‘সিপিএমের সেই সন্ত্রাস, অত্যাচার আমরা আজও ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। যাঁরা কংগ্রেস করতেন, তাঁদের পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হতো। সামাজিক বয়কট করে রাখা হতো। বিরোধীরা একটা পতাকা, ব্যানার, ফেস্টুন লাগাতে পারত না। সিপিএমের সেই লোকেরাই এখন জার্সি পাল্টে বিজেপি হয়েছে। সবংয়ের আবার তারা সন্ত্রাসের কালো দিন ফিরিয়ে আনতে চায়। অন্যদিকে, চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি।
এদিন, বেলা একটা নাগাদ সভায় পৌঁছন তিনি। এসেই বলেন, ‘সবংয়ে আমার আসার কথা ছিল না। খড়্গপুরের কর্মিবৈঠকে মানস’দা খুব জোরাজুরি করলেন। কিছুতেই ছাড়লেন না। তবে এটাও ঠিক, এই দু-তিন মাসের যে লড়াই, সেখানে সবংয়ে না এলে কোথাও যেন একটা অপূর্ণতা থেকে যায়! সেদিক দিয়ে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’ এরপরই অভিষেক বলেন, ‘সবং আর মানস ভুঁইয়া যেন সমার্থক। উনি ৪৩ বছর ধরে মানুষের সেবা করেছেন। ৬ বার বিধায়ক হয়েছেন।’ সবংয়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, ‘সবংয়ের হাজার হাজার মানুষ মাদুর তৈরির সঙ্গে যুক্ত। তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মাদুর হাব তৈরি করে দিয়েছেন। রাজ্য সরকার মাদুরকে জিআই ট্যাগ দিয়েছে। আর কেন্দ্রীয় সরকার মাদুর তৈরির প্রধান উপকরণ রং ও সুতোর উপর জিএসটি বসিয়েছে।’ এরপরই তৃণমূল সাংসদ সবংয়ের রুইনানে বাস টার্মিনাস, বোনাইতে দমকল কেন্দ্র, দেভোগে আদিবাসী কালচারাল সেন্টার, নির্মীয়মাণ আইটিআই, কেলেঘাই নদীর উপর লাঙলকাটা সেতু এবং তেমাথানি থেকে পটাশপুর পর্যন্ত রাজ্য সড়কের কথা তুলে ধরেন।
রাজ্য সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও এদিন উঠে আসে অভিষেকের বক্তব্যে। তিনি বলেন, ‘সবংয়ের ৯০ হাজার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান। কৃষক বন্ধু পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার মানুষ। স্বাস্থ্যসাথী পেয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার মানুষ। বাংলার বাড়ি পেয়েছেন ৩৩ হাজার মানুষ। গত দু’বছরে সবংয়ে ২০৬ কোটি টাকার রাস্তা হয়েছে।’ আগামীদিনে সবং সহ গোটা বাংলায় সকলেরই পাকা বাড়ি হবে বলেও প্রতিশ্রুতি দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সবংয়ে সপ্তমবারের জন্য মানসরঞ্জন ভুঁইয়াকে জয়ী করার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, ‘মানসবাবু আবারও সবংয়ের উন্নয়নে কাজ করবেন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ