নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে পালিত হল বামেদের ‘ঘরে ঘরে বুকস্টল‘ কর্মসূচি। রবিবার সকাল থেকেই যাদবপুর থেকে শিলিগুড়ি পাড়ায় পাড়ায় সিপিএমের নেতা-কর্মীরা বই নিয়ে বেরিয়ে পড়েন। দুর্গাপুজো ও কালীপুজোয় সিপিএমের বুকস্টলের উপর আক্রমণের প্রতিবাদেই কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন যাদবপুর এলাকায় এই কর্মসূচিতে যোগ দেন অভিনেতা দেবদূত ঘোষ। চাম্পাহাটি বাজারে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী। শিলিগুড়িতে বই হাতে নিয়ে রাস্তায় নামেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। কোথাও ভ্যানে করে বই নিয়ে এলাকায় ঘোরেন সিপিএম কর্মী-সমর্থকরা। আবার কোথাও দেখা যায়, হাতে বই নিয়ে একেবারে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। বারুইপুর পুরসভা এলাকায় লাহেক আলি পৌঁছে গিয়েছিলেন বই নিয়ে। এই কর্মসূচিকে মাথায় রেখে বেশকিছু নতুন বই প্রকাশ করা হয়েছিল। এর আগে কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে বই হাতে মিছিল করতে দেখা গিয়েছিল বিশিষ্ট ব্যক্তিদের। তারপরেও কালীপুজোর সময় উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ায় এবং সিপিএমের বই বিপণিতে হামলার অভিযোগ ওঠে। এদিন দক্ষিণ ২৪ পরগনার চাম্পাহাটি বাজারে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘নভেম্বর মাসজুড়েই আমরা এরকম কর্মসূচি চালাব। আজকে গোটা রাজ্যেই ব্যাপক সাড়া পড়েছে। বই মানে মানুষের চেতনা। বই মানে বন্ধু। এটাই তো আমাদের সমাজ সভ্যতার অংশ ছিল। তাকে ধ্বংস করার প্রচেষ্টা র বিরুদ্ধে মানুষ সাড়া দিয়েছেন।’



