নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজধানী এক্সপ্রেসের চালককে অপহরণের অভিযোগ সংক্রান্ত মামলা থেকে আগেই খালাস পেয়েছিলেন জঙ্গলমহলের তৃণমূল নেতা ছত্রধর মাহাত। এবার ২০০৯ সালে জঙ্গলমহলের সিপিএম নেতা প্রবীর মাহাত হত্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতার বিচার ভবনে এনআইএ’র বিশেষ আদালতে আর্জি জানালেন ছত্রধর। শনিবার তাঁর দুই কৌঁসুলি সঞ্জয় সিং ও জাকির হোসেন জানান, ‘আগামী ২৮ এপ্রিল এই মর্মে শুনানির দিন ধার্য করেছেন বিচারক। ওই দিন এই মামলায় জামিনে থাকা আরও ১৫ জন অভিযুক্তের অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হবে।’ ওই দুই আইনজীবীর দাবি, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই জঙ্গলমহলের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তা না হলে ঝাড়গ্রাম আদালতে এই খুনের মামলার বিচার চলাকালীনই কীভাবে নতুন করে একই মামলায় এনআইএ তাঁকে গ্রেপ্তার করল?’ যদিও জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আদালতে জানিয়েছিল, মামলার গুরুত্ব অনুধাবন করেই তারা এক্ষেত্রে নতুন করে তদন্তের দায়িত্ব নেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের ওই সিপিএম নেতা খুনের মামলায় ২০২১ সালে ছত্রধরকে গ্রেপ্তার করেছিল এনআইএ। সেই মামলায় তদন্ত শেষ করে তাঁর বিরুদ্ধে কলকাতা এনআইএ’র বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল। সেই মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। কিন্তু ২০০৯ সালে ঝাড়গ্রামের সরডিহায় রাজধানী এক্সপ্রেসের চালক হত্যা মামলায় ছত্রধর জেল হেফাজতে ছিলেন। সেই মামলায় গত বছরের নভেম্বর মাসে তিনি সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পান। ফলে এখন তিনি জামিনে মুক্ত। এই অবস্থায় জেল থেকে মুক্তি পাওয়ার চার মাসের মাথায় তিনি খুনের মামলা থেকেও অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানালেন। তাঁর আইনজীবীদের বক্তব্য, ‘শুনানি চলাকালে আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে পেশ করব। তারপর আদালত যা রায় দেওয়ার দেবে।’



