নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইমারতি ব্যবসায়ীর কাছে দেড় লক্ষ টাকা দাবি! টাকা না মেলায় বার বার হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএম নেতা বক্কার আলির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া এলাকায়। অভিযুক্ত নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী জুলফিকার আলি। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সিপিএমের রাজনীতি করেন বক্কার। ছাব্বিশে পালাবদলের পর তাঁর কাছে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করতেই শুরু হয় হুমকি। তাঁর কথায়, এই পরিস্থিতিতে এলাকায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছেন বক্কার। তাঁর পালটা দাবি, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর জুলফিকার ও তাঁর লোকজনের হাতে তিনি এবং তাঁর পরিবার অত্যাচারের শিকার হয়েছিলেন। মারধর করা হয়েছিল। সিপিএম করার কারণেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এরপর থেকেই তিনি অসুস্থ। বক্কারের দাবি, মারধরের পর চিকিৎসার খরচ চেয়েছিলাম। সেই ঘটনাকেই তোলাবাজি বলে চালানো হচ্ছে।



