নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মাথায় মোটা ঋণের বোঝা। বাড়িতে পাওনাদারদের অত্যাচার। শুধু তাই নয়, ঋণ শোধ করতে নাকি স্থানীয় মহিলারা কিডনি বিক্রি করতে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। ভয়ে বেশ কিছুদিন ঘরছাড়া ছিলেন দম্পতি। ঋণের টাকা শোধ না করায় তাঁদের তালাবন্ধ বাড়িতে ঢুকে লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের শিয়ালডাঙা পঞ্চায়েত এলাকায়। প্রাণে বাঁচতে বুধবার রাতে থানার দ্বারস্থ হয়েছেন দম্পতি শান্ত সাঁতরা ও লিপিকা সাঁতরা। লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। দাবি করা হয়েছে, ৩ লক্ষ টাকা ঋণ নিলেও সুদে আসলে ৯ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। লিপিকা কাপড়ের ব্যবসা শুরু করবেন বলে বছর চারেক আগে ঋণদানকারী সংস্থা থেকে গ্রুপ লোন নেন। ব্যবসা ঠিকমতো না চলায় সেই ঋণ মেটাতে পারেননি তিনি। ঋণ শোধ করতে গ্রুপের অন্য মহিলাদের কাছ থেকেও চড়া সুদে টাকা ধার নেন লিপিকা। একসময় ঋণের ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এরপরই শুরু হয় গ্রুপের মহিলাদের চাপ। ঋণের কিস্তি মেটাতে গ্রুপের মহিলারা অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের একাংশ নাকি লিপিকাদেবীকে তাঁর একটি কিডনি বিক্রি করার পরামর্শ দেন। তিনি কিডনি বিক্রি করতে রাজিও হয়ে যান। চলতি বছরের জানুয়ারি মাসে হাওড়ার একটি নার্সিংহোমে যান। তাঁর শারীরিক পরীক্ষাও হয়। কিন্তু পরে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিষয়টি জানতে পেরে গ্রুপের মহিলারা লিপিকাদেবীকে লাগাতার ফোনে হুমকি দিতে থাকেন। ভয়ে পরিবারটি বেশ কিছুদিন বাড়িছাড়া থাকে।



