


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি জটিলতা কাটতেই শুক্রবার দুপুরে শুরু হয়ে গেল বাংলার বিভিন্ন মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস ও এমডিএস আসনে কাউন্সেলিং ও ভর্তি সংক্রান্ত কাজকর্ম। দুপুরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ ইন্দ্রজিৎ সাহা বলেন, আইনি জটিলতা কেটেছে। স্থগিত ভর্তি প্রক্রিয়া ও কাউন্সেলিং ফের শুরু করে দিচ্ছি আমরা। সুপ্রিম নির্দেশের পর ভর্তি ফের চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরাও। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, শনিবার সকাল ১১ টায় প্রথম রাউন্ডের কাউন্সেলিং এর ফলাফল প্রকাশিত হবে। শনিবার ১২টা থেকে শুরু হয়ে যাবে ছাত্রছাত্রীদের ভর্তি। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আবার ২৫ এবং ২৬শে আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলির মাধ্যমে। একইভাবে প্রাইভেট ডেন্টাল কলেজগুলিতে ভর্তি সম্পন্ন হবে আর আহমেদ ডেন্টাল কলেজে। দন্ত চিকিৎসার স্নাতকোত্তর পাঠক্রম এমডিএস এর তৃতীয় রাউন্ডের কাউন্সিলিংয়ের ভেরিফিকেশন পর্বও শুরু হয়ে যাচ্ছে শনিবার সকাল ১১ টা থেকেই।
প্রসঙ্গত, ওবিসি সংক্রান্ত আইনি জটিলতার কারণে মেডিক্যাল এবং ডেন্টালের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কাউন্সেলিং ও ভর্তি স্থগিত হয়ে গিয়েছিল। চরম অনিশ্চয়তায় ছিলেন রাজ্যের প্রায় ১৫ হাজার মেধাবী ছাত্রছাত্রী। এমবিবিএসে কাউন্সেলিংয়ে চয়েস লকিংয়ের পর আসন বণ্টনের তালিকা প্রকাশের কথা ছিল। এমন স্পর্শকাতর সময়ে ১৮ আগস্ট ভর্তি এবং কাউন্সেলিং স্থগিত করার নির্দেশনামা জারি করে স্বাস্থ্যদপ্তর।
ওই পরিস্থিতিতে দুটি বড় সংকট তৈরির আশঙ্কা ছিল। প্রথমটি হল, মেডিক্যালের কাউন্সেলিং, ভর্তি এবং ক্লাস কতদিনের মধ্যে শুরু করতে হবে, তা আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বনির্দিষ্ট। যেমন, ফি বছর নিটের প্রথম রাউন্ডের ৮৫ শতাংশ আসনে রাজ্যওয়ারি কাউন্সেলিং শেষে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া ২৪ আগস্ট, দ্বিতীয় রাউন্ডের ভর্তি ১১ সেপ্টেম্বর, তৃতীয় রাউন্ডের ভর্তি ৩০ সেপ্টেম্বর এবং সবক’টি রাউন্ডের ভর্তি ১০ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা। ছেলেমেয়েদের ক্লাস শুরুর কথা ৫ সেপ্টেম্বর থেকে। কাউন্সেলিং এবং ভর্তি স্থগিত হওয়ায় যদি সেই নির্দিষ্ট দিন পার করে যেত, গোটা প্রক্রিয়াই বাতিল হওয়ার তুমুল আশঙ্কা ছিল। চরম বিপদে পড়তেন ছাত্রছাত্রীরা।
দ্বিতীয় বিষয় হল, সাময়িক অচলঅবস্থার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা ১৫ শতাংশ সর্বভারতীয় মেডিক্যাল আসনে ভর্তির জন্য আপ্রাণ চেষ্টা করতেন। সেক্ষেত্রে বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের অনেকেই হয়তো চলে যেতে বাধ্য হতেন ভিন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে। পরিস্থিতি আঁচ করে রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ শানানো শুরু করেছিলেন বিরোধীরাও।
স্বাস্থ্যভবনে ডেপুটেশন দেন এবং বিক্ষোভে সোচ্চার হন এআইডিএসও সমর্থিত ছাত্রছাত্রী ও তরুণ চিকিৎসকরা। দ্রুত নিট ইউজি ছাত্রছাত্রীদের কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া চালুর আর্জি জানিয়ে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন এবিভিপি নেতারা। প্রেস বার্তা জারি করে প্রতিবাদ জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামসহ বিভিন্ন চিকিৎসক সংগঠন।