ভোপাল: পথকুকুরের নির্বীজকরণ অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশের খান্ডোয়া পুরসভা। লাখ লাখ টাকা বরাদ্দও করা হয়েছে। কিন্তু অভিযোগ, সব কাজই নাকি হচ্ছে খাতায় কলমে। কাজের কাজ একটুও এগয়নি। বিষয়টি নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব উপায় বের করলেন এক ব্যক্তি। কুকুরের মুখোষ পরে তিনি সটান হাজির হলেন কালেক্টরেট অফিসে। মঙ্গলবার তাঁকে সেখানে প্রবেশ করতে দেখেই হুলুস্থুল পড়ে যায়। ওই ব্যক্তি অবশ্য একটি কথাও বলেননি। পুরসভার বিরোধী দলনেতা দীপক রাঠোরের কথায় শুধু ঘাড় নেড়ে গিয়েছেন। আর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন— সব ঠিক নেই। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির ছবি-ভিডিয়ো তুলতে ব্যস্ত কালেক্টরেট অফিসের কর্মীরা। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় কালেক্টরেট অফিসে মঙ্গলবার ছিল জনগনের অভাব অভিযোগ নিয়ে শুনানি। কুকুরের মুখোশ পরা ওই ব্যক্তিকে নিয়ে সেখানে হাজির হন দীপক রাঠোর। তাঁর অভিযোগ, কুকুরের নির্বীজকরণ প্রকল্পে লাখ লাখ টাকার দুর্নীতি হচ্ছে। এই নিয়ে তদন্তের দাবিও জানান। অ্যাডিশনাল কালেক্টরেট কাশিরাম বাদোলে এপ্রসঙ্গে বলেন, অভিযোগের তদন্ত করা হবে। যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।



