সংবাদদাতা, বসিরহাট ও কল্যাণী: ঈদ উল আজহা উপলক্ষ্যে বিশেষ সমন্বয় সভা হল বাদুড়িয়া ও চাকদহে। মঙ্গলবার বাদুড়িয়া পুর কমিউনিটি হলে এলাকার কয়োকশো ইমাম, মোয়াজ্জেমের উপস্থিতিতে সভাটি হয়। উপস্থিত ছিলেন বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু চক্রবর্তী, কাউন্সিলার গৌতম গুপ্তা প্রমুখ। ওসি অতনু চক্রবর্তী আবেদন করেন যে, ঈদের কুরবানির পর কোনও প্রাণীর অবশিষ্টাংশ যেন মাটির নীচে দাফন করা হয়। পাশাপশি কুরবানি করা কোনও প্রাণীর ছবি বা ভিডিও যেন সামাজিক মাধ্যমে কেউ পোস্ট না করেন।
এছাড়া তিনি অনুরোধ করেন, ঈদের দিন যেন নাবালকদের হাতে মোটরবাইক তুলে না দেওয়া হয়। বাইক নিয়ে বেরলে মাথায় যেন অবশ্যই হেলমেট থাকে। বাদুড়িয়া পুরসভার কাউন্সিলার গৌতম গুপ্তা জানান, বিগত বছরগুলির মতো এ বছরও এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারে দায়বদ্ধ থাকবে বাদুড়িয়া পুরসভা। ইতিমধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য আলোচনায় বসেছেন।
মোয়াজ্জেম শফিউল্লাহ বলেন, সমস্ত প্রস্তাবগুলি মেনে নিয়ে আমাদের পবিত্র উৎসব পালন করব। তিনিও সকলকে প্রশাসনিক নিয়মকানুন মেনে চলার অনুরোধ করেন।
চাকদহ থানার উদ্যোগেও মঙ্গলবার ঈদ নিয়ে সমন্বয় সভা হয়। সেখানে চাকদহ ও কল্যাণী ব্লকের বিভিন্ন মসজিদ ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাকদহ থানার আইসি ও দুই ব্লকের বিডিও এই সভা পরিচালনা করেন। ঈদের দিন অনুষ্ঠান ঘিরে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে বলে এদিনের সভা থেকে বার্তা দেওয়া হয়।