নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার বিধায়কের নামে একাধিক পোস্টার পড়েছিল হাড়োয়ার বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দেগঙ্গার দোগাছিয়ায় ভেড়ির ‘দখলদারি’ নিয়ে বিধায়কের নাম উল্লেখ করে পোস্টার দেখা গিয়েছিল। এ নিয়ে তোলপাড় পড়ে শাসকদলের অন্দরে। এবার এই ঘটনা অন্যদিকে মোড় নিল। ওইদিন রাতেই দোগাছিয়া এলাকার এক ব্যক্তি দেগঙ্গা থানায় অভিযোগ জানিয়েছেন। বিষয়টিকে অবশ্য ‘ড্যামেজ কন্ট্রোল’ বলেই কটাক্ষ করেছে বিরোধীরা। অভিযোগকারী জুবায়ের হাসান সিদ্দিকি বলেন, দোগাছিয়া ভেড়ি নিয়ে যে পোস্টার পড়েছে, তাতে আমাদের এলাকার কোনও জমির মালিক জড়িত নন। বাইরের কেউ চক্রান্ত করেই এসব করেছে। আমাদের এই সমস্যা দীর্ঘদিনের। কয়েকদিন আগেও ভেরির মালিকরা আমাদের মারধর করেছে। বিধায়ক চেষ্টা করছেন সমস্যার সমাধান করতে। তবে এখনও সুরাহা হয়নি। হয়তো কেউ আমাদের দাবিকে লঘু করার জন্য এমনটা করেছে। আমরা নিজেদের ন্যায্য পাওনার দাবিতে অনড়। অন্যান্য জমি মালিকদের মতামত নিয়েই আমি থানায় অভিযোগ জানিয়েছি। এ নিয়ে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম বলেন, এটা জমি সংক্রান্ত বিষয়। জেলাশাসকের দপ্তর থেকে জমির মালিকদের নথি খতিয়ে দেখা হবে। তারপর তাঁরা যা চাইবেন, সেটাই হবে। দ্রুত সমস্যার সমাধান হবে। এ নিয়ে বিজেপির কটাক্ষ, আসলে এই অভিযোগ করিয়ে ড্যামেজ কন্ট্রোল করছে তৃণমূল। মানুষ সবটাই বোঝে। তাই এনিয়ে নতুন করে বলার কিছু নেই। দেগঙ্গা থানার পুলিস জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



