সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরে সরকারি জমিতে একের পর এক কংক্রিটের নির্মাণ চলছে। সবকিছু দেখেও পুর কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয়রা বলছেন অবৈধভাবে নির্মাণ করা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের উদ্বোধন করছেন খোদ চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। ফলে বুক ফুলিয়ে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছে অন্যরা।
পুরসভা সূত্রে খবর, পুরসভা এলাকায় পাকা নির্মাণের ক্ষেত্রে প্ল্যান পাশ করাতে হয়। তবে সরকারি জমিতে নির্মাণের অনুমতি দেয় না পুরসভা। তার পরেও একের পর এক নির্মাণ চললেও বন্ধ করার উদ্যোগ নেই বলে অভিযোগ। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।
হাইস্কুল মোড় সংলগ্ন এলাকায় একটি দোতলা দোকান নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দোকান মালিক বিশ্বজিৎ সরকার বলেন, অনেকে পাকা নির্মাণ করছে দেখে আমিও শুরু করেছি। কয়েক দিন আগেই এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী একটি কেকের দোকান ও রেস্টুরেন্ট চালু করলেন। আমাদের চেয়ারম্যান তার উদ্বোধনও করেছেন। তবে উপরে ছাদ নয়, আমি টিন দেব। আমাদের সংগঠনকে জানানো হয়েছে।
পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, কংক্রিটের নির্মাণ করতে আমাদের মানা করেছেন পুরসভার চেয়ারম্যান। ইট গেঁথে পাকা নির্মাণের ক্ষেত্রে আমরাও অনুমতি দিই না। এক্ষেত্রেও আমার অনুমতি নেই।
বাসিন্দারা বলছেন, শহরের মূল সড়কের দু’ধারে শহরের হাইড্রেন আছে। কয়েক বছর আগে থেকে একাংশ ব্যবসায়ী কংক্রিটের নির্মাণ করছেন। এমনকী হাইড্রেনের উপরেও কংক্রিটের নির্মাণ করে দোকানঘর তৈরি হয়েছে। এর ফলে ড্রেন সাফাই করা মুশকিল হয়েছে। সরকারি জমি দখলমুক্ত করার জন্য কয়েক মাস আগে প্রশাসন কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। কড়া পদক্ষেপ না নেওয়ায় এখনও নির্মাণ চলছে। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা সুরজিৎ সেন বলেন, চেয়ারম্যানই অবৈধ নির্মাণকে প্রশ্রয় দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি সেই দোকানের উদ্বোধনও করছেন।
এপ্রসঙ্গে কানাইয়ালালের মন্তব্য, উদ্বোধন বড় ব্যাপার নয়। ওই দোকান আগে থেকেই ছিল। এবার নতুন করে নির্মাণ হয়েছে। একাংশ নিয়ে অভিযোগ ছিল বলে মালিকপক্ষ ভেঙে দিয়েছে। - নিজস্ব চিত্র