Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৫ কোটিতে গঙ্গাসাগরে কংক্রিটের বাঁধ নির্মাণ, কাজ শুরু সেচদপ্তরের

প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় গঙ্গাসাগরের বঙ্কিমনগর ও সুমতিনগরের বাসিন্দাদের।

২৫ কোটিতে গঙ্গাসাগরে কংক্রিটের বাঁধ নির্মাণ, কাজ শুরু সেচদপ্তরের
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় গঙ্গাসাগরের বঙ্কিমনগর ও সুমতিনগরের বাসিন্দাদের। মাটির বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রাম। হারাতে হয় ভিটেমাটি। এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে স্থানীয় পরিবারগুলিকে স্থায়ী সুরক্ষা দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। এবার এই গ্রামে তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ। এর জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে সেচদপ্তর। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনেই এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এক কিলোমিটার এলাকা জুড়ে এই কংক্রিটের বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে তার জন্য অন্তত ১২টি বসতবাড়িকে সরানোর প্রয়োজন ছিল। এর আগেও নদী বাঁধ তৈরির ক্ষেত্রে গ্রামবাসীদের একাধিকবার জমি দিতে হয়েছে। কিন্তু সেসব নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ফলে এবার নতুন করে জমি দিতে অনেকেই প্রথমে আপত্তি জানান। এই অবস্থায় গ্রামবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাঁদের যাতে কোনও ক্ষতি না হয়, সেই বিষয়টি অগ্রাধিকার সহকারে বিবেচনার আশ্বাস দেয় প্রশাসন। পরে সেখানে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি প্রত্যেক বাসিন্দাকে পুনর্বাসন দেওয়ার আশ্বাস দেন। এরপরই জায়গা দিতে রাজি হন তাঁরা। এই বাঁধ নির্মাণ হয়ে গেলে বহু পরিবার উপকৃত হবে। বর্ষাকালে আর আতঙ্কে থাকতে হবে না। মন্ত্রী বলেন, ‘অদূর ভবিষ্যতে সমস্যা থাকবে না। কারণ, স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে।’

Advertisement

এদিকে, রবিবার সাগরের একাধিক ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন সেচদপ্তরের প্রধান সচিব মণীশ জৈন। কোথায় কতটা বাঁধের কাজ হচ্ছে, সবটা খতিয়ে দেখেন তিনি। তাঁর সঙ্গে বঙ্কিমবাবু ও অন্যান্য আধিকারিকরা ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ